সন্দেহের বশে ধরে নিয়ে হাতুড়ি-রড দিয়ে পিটুনি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় সাফায়াত উল্লাহ (২৬) নামে এক তরুণকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হাত-পা ও মুখমণ্ডল থেঁতলে দেওয়া হয়েছে। তিনি মাহেন্দ্র ভাঙচুরে জড়িত, এমন সন্দেহে শ্রমিকেরা গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছে।
সাফায়াত পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামুইয়া গ্রামের সানু গাজীর ছেলে। তিনি বাবার কৃষিকাজে সহায়তা করেন।
স্থানীয় কয়েকজন বলেন, সাফায়াত উল্লাহ শুক্রবার বেলা তিনটার দিকে নানাবাড়ি আমতলীর মধ্য তারিকাটা গ্রামে যাচ্ছিলেন। পথে তারিকাটা কালভার্টের কাছে পৌঁছালে দুটি মাহেন্দ্র গাড়িতে করে আসা ১৯-২০ জন শ্রমিক তাঁকে তুলে নিয়ে যান। পরে দক্ষিণ-পশ্চিম আমতলী এলাকায় সড়কের পাশে নামিয়ে তাঁকে হাতুড়ি ও লোহার রড দিয়ে বেদম পেটান। পিটুনিতে সাফায়াতের হাত-পা ও মুখমণ্ডল থেঁতলে যায়। পরে তাঁকে পাশের একটি কলাবাগানের মধ্যে ফেলে রাখা হয়। স্থানীয় লোকজন গোঙানির শব্দ পেয়ে সাফায়াতকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ হাসপাতালের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা গৌরাঙ্গ হাজরা বলেন, পিটুনিতে সাফায়াত উল্লাহর দুই পা ও বাঁ হাত ভেঙে গেছে। এ ছাড়া তাঁর মুখমণ্ডল থেঁতলে গেছে।
অবস্থা সংকটজনক হওয়ায় রাতেই সাফায়াতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ হাসপাতালের তৃতীয় তলায় অর্থোপেডিক বিভাগে ভর্তি রয়েছেন তিনি।
গতকাল শনিবার দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, গুরুতর আহত সাফায়াত তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন। সারা শরীরে পিটুনির দাগ রয়েছে। থেঁতলে যাওয়া মুখমণ্ডল ফুলে আছে। হাত-পা ব্যান্ডেজ করা; নাড়াতে পারছেন না। কথাও বলতে পারছেন না।
আহত সাফায়াতের ভাই মো. মিরন বলেন, ১৩ ফেব্রুয়ারি আমতলী বাঁধঘাট এলাকার চৌরাস্তায় বাস ও মাহেন্দ্র শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে বেশ কয়েকটি মাহেন্দ্র ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার দুপুরেও বাসশ্রমিকেরা আমতলীর মধ্য তারিকাটা এলাকায় একটি মাহেন্দ্র ভাঙচুর করেন। সাফায়াত ভাঙচুরকারী বাসশ্রমিকদের একজন—এমন সন্দেহে তাঁকে ধরে নিয়ে গিয়ে পিটিয়েছেন মাহেন্দ্র শ্রমিকেরা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের আমতলী উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মৃধা। তিনি প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের ঘটনার সঙ্গে আমার সংগঠনের কোনো শ্রমিক জড়িত নন।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদউল্লাহ বলেন, ‘আমি শুক্রবার বিকেলে আমতলী হাসপাতালে গিয়ে আহত সাফায়াতকে দেখে এসেছি। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’