সন্দ্বীপে অটোরিকশাচালক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে বুকে গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন (৩০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার বিকেলে উপজেলার মুছাপুর বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আলাউদ্দিন পেশায় অটোরিকশার চালক।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, মুছাপুর বাজারে অটোরিকশাচালক আলাউদ্দিনের সঙ্গে ‘ডাকাত সাইফুলের’ বাগ্‌বিতণ্ডা হয়। সাইফুল একপর্যায়ে আলাউদ্দিনকে গুলি করেন। এতে তিনি বুকে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় আলাউদ্দিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া বলেন, আলাউদ্দিনের চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত নন।