সন্দ্বীপে জোড়া খুনের ঘটনায় আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপ পৌর এলাকায় কোরবানির পশুর হাটে জোড়াখুনের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন সাহাব উদ্দিন, রিয়াজ, জুয়েল ও মোশাররফ। এদিকে, ওই হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল মঙ্গলবার রাত আটটা পর্যন্ত মামলা হয়নি।
গত সোমবার বিকেলে পৌর এলাকার বাতেন মার্কেটের পশুর হাটে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে জাহাঙ্গীর আলম ও হুমায়ুন কবির নামের দুই ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। পশুর হাটের ইজারাদার মো. মোকতার হোসেনের অভিযোগ, চাঁদা না পেয়ে যুবলীগ নামধারী দুর্বৃত্তরা ওই হামলা চালিয়েছে।
সন্দ্বীপ থেকে নির্বাচিত সাংসদ মাহফুজুর রহমান মিতা প্রথম আলোকে বলেন, হত্যাকারীদের কোনো দল নেই। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম মশিউর রহমান জানান, সন্দেহভাজন চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।