সন্দ্বীপে ধারালো অস্ত্রসহ ২৪ 'জলদস্যু' গ্রেপ্তার
চট্টগ্রামের সন্দ্বীপ থেকে ধারালো অস্ত্রসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার টেংগারচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কোস্টগার্ড পূর্ব জোনের একটি দল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ‘জলদস্যু’ দলের সদস্য বলে জানায় কোস্টগার্ড।
কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার ওমর ফারুক বলেন, দুটি নৌকায় করে ২৪ জন জলদস্যু সন্দ্বীপের টেংগারচর এলাকায় আসার সময় কোস্টগার্ডের সদস্যরা তাদের ধাওয়া দেন। এ সময় তারা পালানোর চেষ্টা করলেও কোস্টগার্ড তাদের ধরে ফেলতে সক্ষম হয়। তাদের কাছ থেকে আটটি ধারালো অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে মামলা করেছে।
এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ২৪ জলদস্যুর সবার বাড়ি নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলায়। তাদের বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কি না, খোঁজ নেওয়া হচ্ছে।