সন্দ্বীপে পশুর হাটে গুলিতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপ পৌর এলাকায় কোরবানির পশুর হাটে গতকাল সোমবার দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন সন্দ্বীপ পৌর এলাকার জাহাঙ্গীর আলম (৪৫) ও হুমায়ুন কবির (৩৫)।
পৌরসভার বাতেন মার্কেট পশুর হাটের ইজারাদার মো. মোকতার হোসেনের অভিযোগ, চাঁদা না পেয়ে যুবলীগ নামধারী দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে ১০-১২ ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে হাটের ইজারাদারকে খুঁজতে থাকে। ইজারাদারকে না পেয়ে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে জাহাঙ্গীর ও হুমায়ুনের মৃত্যু হয়। এ সময় দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন আহত হন। পরে দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আতঙ্কিত পশু ব্যবসায়ী ও ক্রেতারা হাট ছেড়ে চলে যান।
নিহত হুমায়ুন একটি প্রসাধন কোম্পানির বিক্রয় প্রতিনিধি, আর জাহাঙ্গীর নির্মাণশ্রমিক ছিলেন।
হাটের ইজারাদার মো. মোকতার হোসেন প্রথম আলোকে বলেন, তিনি দুই লাখ টাকা দিয়ে পৌরসভা থেকে হাটটি ইজারা নেন। হাট ইজারা নেওয়ার পর থেকে যুবলীগ নামধারী ফজলে এলাহী ওরফে মিশু তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। তাঁর অভিযোগ, গতকাল ফজলে এলাহীর নেতৃত্বে ১০-১২ ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে তাঁকে খুঁজতে থাকে। ভয়ে তিনি হাট থেকে পালিয়ে যান। তাঁকে না পেয়ে তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে।
মোকতার হোসেনের অভিযোগ, দুর্বৃত্তরা হাট থেকে হাসিল বাবদ পাওয়া প্রায় ৫০ হাজার টাকা লুটে নিয়ে গেছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার ফজলে এলাহীর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
সন্দ্বীপ উপজেলা যুবলীগের আহ্বায়ক সিদ্দিকুর রহমান বলেন, পশুর হাটে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা যুবলীগের কেউ নয়। তিনি বলেন, দুর্বৃত্তরা যুবলীগের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করতে পারে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ছররা গুলিতে জাহাঙ্গীর ও হুমায়ুনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন সিকদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যুবলীগ নামধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে।