সন্দ্বীপে যুব লীগের দুই পক্ষে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুব লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মগধরা ইউনিয়নের জেলেপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মুনিরুল আলম (৩৮) যুব লীগের সমর্থক বলে জানা গেছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলের (সন্দ্বীপ আওতাভুক্ত) সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার প্রথম আলোকে জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় শাহীন চেয়ারম্যান ও সমীর পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জের ধরে গতকাল সন্ধ্যায় মগধরা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় শাহীনের পক্ষের ১০-১৫ জন ধারালো অস্ত্র নিয়ে মুনিরুল আলম ও তাঁর ভাই জাহাঙ্গীর আলমের ওপর হামলা চালায়। দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মুনিরুলকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মিজান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হামলাকারী ও হামলার শিকার দুটি পক্ষই আওয়ামী লীগ ও যুব লীগের সমর্থক বলে জানান সালাউদ্দিন সিকদার।
আধিপত্য বিস্তারের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান।