সন্দ্বীপে যুবলীগ নেতাকে কুপিয়ে, গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপে যুবলীগের এক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সোহেল রানা (৩৫) সন্দ্বীপ পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। গতকাল বুধবার ভোরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেগবাজ ব্রিজ এলাকায় রাস্তার পাশে একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মারামারির অভিযোগে ৭টি মামলা রয়েছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোহেল সন্দ্বীপ থানার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার টেগবাজ ব্রিজ এলাকায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। তখন তিনি মোটরসাইকেলে ছিলেন। রাস্তায় পড়ে যাওয়ার পর তাঁকে কুপিয়ে পাশের খালে ফেলে দেওয়া হয়। ভোরে লোকজন তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
সোহেলের চাচা মো. ফখরুদ্দিন গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে পারিবারিক কবরস্থানে সোহেলর লাশ দাফন করা হয়েছে। তিনি বলেন, তাঁর ভাতিজা একসময় কিছু ভুলত্রুটি করলেও পরে ভালোভাবে চলাফেরা করতেন।
পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী যুবলীগের যুগ্ম আহ্বায়ক হওয়ার বিষয়ে সন্দ্বীপ উপজেলা যুবলীগের সভাপতি মো. ছিদ্দিকুর রহমান বলেন, সোহেল পরে ভালো হয়ে যায়, এটিই শেষ পর্যন্ত তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়।