সন্দ্বীপে শিক্ষকের বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর এলাকায় একটি বাড়ির দুটি ঘরে গত মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে।
ভুক্তভোগী রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রতন কান্তি দাশ প্রথম আলোকে বলেন, ‘সাত-আটজন ডাকাত ঘরে ঢুকে আমার বুকে বন্দুক এবং আমার ছেলের ঘাড়ে কিরিচ ধরে রেখে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, তিনটি মুঠোফোন, একটি ল্যাপটপ ও ২২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।’
এ ছাড়া ডাকাতেরা একই বাড়ির অলক মিত্রের ঘরেও হানা দেয়। ওই পরিবারের সদস্য মল্লিকা রানী প্রথম আলোকে বলেন, ‘ডাকাতেরা আমার মুখে ঘুষি মারে। এতে আমি চোখে আঘাত পাই। এরপর তারা ঘর থেকে দুটি মুঠোফোন, ১০ হাজার টাকা ও এক জোড়া কানের দুল নিয়ে চলে যায়।’
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে ভুক্তভোগীরা মামলা করছে না। আমরা সন্দেহভাজন চারজনকে ধরেছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’