সন্দ্বীপে স্কুলছাত্রী খুনের ঘটনায় গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপে স্কুলছাত্রী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আকবর হোসেন ওরফে ফকির, মো. মোশাররফ, মো. মিনহাজ ও মো. বশর।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম মশিউর রহমান জানান, আকবরের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় তিনটি মামলা আছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুমাইয়া হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে বশর ওরফে পাগলা বশর অস্বাভাবিক আচরণ করতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের বলতে থাকেন, খুনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। স্থানীয় ব্যক্তিরা বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ তাঁকে (বশর) আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে আকবরসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গত সোমবার সন্দ্বীপ পৌর এলাকার একটি ডোবা থেকে রহমতপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া ইসলামের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাকে ধর্ষণের পর হত্যা করার আলামত পাওয়া গেছে বলে প্রথম আলোকে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।
এদিকে সুমাইয়া হত্যাকাণ্ডের ঘটনায় গত মঙ্গলবার থেকে সপ্তাহব্যাপী শোক কর্মসূচি পালন করছে রহমতপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।