সন্দ্বীপে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা!
চট্টগ্রামের সন্দ্বীপ পৌর এলাকার একটি ডোবা থেকে গতকাল সোমবার এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক বলছেন, ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যার আলামত পাওয়া গেছে।
নিহত সুমাইয়া ইসলাম পৌর এলাকার রহমতপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ওই স্কুলছাত্রী গত রোববার সকালে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। তার পরিবার থেকেও বিষয়টি পুলিশকে জানানো হয়নি। গতকাল দুপুরে একটি ডোবায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সন্দ্বীপের হরিশপুর ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠায়।
ওসি জানান, লাশের চোখ-মুখ ফোলা ছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তিনি জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
ময়নাতদন্তকারী চিকিৎসক মাহমুদুর রহমান বলেন, প্রাথমিকভাবে বোঝা গেছে এটি হত্যাকাণ্ড। ধর্ষণের আলামতও পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল করিম জানান, ওই কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
এদিকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে আজ মঙ্গলবার রহমতপুর উচ্চবিদ্যালয় চত্বরে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাফর উল্যাহ জানান, রোববার মেয়েটি স্কুলে আসেনি। গতকাল সকালে পরিবারের পক্ষ থেকে কয়েকজন ব্যক্তি মেয়েটির খোঁজ নিতে স্কুলে আসে। তিনি জানান, হতদরিদ্র পরিবারের মেয়েটি নবম শ্রেণির মানবিক বিভাগে পড়ত।
প্রধান শিক্ষক জানান, সুমাইয়ার বাবা জহিরুল ইসলাম স্ত্রী-সন্তানদের ছেড়ে চলে গেছেন। তারপর থেকে তার মা পারভীন আকতার দুই সন্তানকে নিয়ে স্কুলের অদূরে একটি কলোনির পাশে ঘর তুলে থাকেন। মেয়েটির ভাই আল আমিন এই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। মেয়েটির মা ছোটখাটো কাজ করে দুই সন্তানের পড়ালেখার খরচ জোগান।