সন্দ্বীপে 'বন্দুকযুদ্ধে' একাধিক মামলার আসামি নিহত
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোশাররফ হোসেন (৩৫) নামের একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার বাউরিয়া ইউনিয়নের জঙ্গলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোশাররফ বাউরিয়া ইউনিয়নের ছিদ্দিক হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সন্দ্বীপের শীর্ষ সন্ত্রাসী মোশাররফকে গতকাল সকাল ১০টায় উপজেলার হারামিয়া এলাকা থেকে আটক করে র্যাব। পরে তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার অভিযানে নামা হয়। মোশাররফকে সঙ্গে নিয়ে তিন জায়গায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ ৩০টি অস্ত্র উদ্ধার করে র্যাব। দুপুর ১২টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এ অভিযান চলে। সর্বশেষ বাউরিয়া ইউনিয়নের জঙ্গলবাড়ি এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে মোশাররফের সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা ১৯টি গুলি ছোড়ে। মোশাররফ মারা গেছেন তাঁর সহযোগীদের ছোড়া গুলিতেই। এ ছাড়া র্যাবেরএক সদস্যও সামান্য আহত হয়েছেন। পরে র্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে মোশাররফের পাঁচ সহযোগীকে আটক করেছে।
জঙ্গলবাড়ি এলাকার বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় একজন সাংবাদিক জানান, তাঁরা ১০ থেকে ১২টি গুলির শব্দ শুনেছেন। তবে জঙ্গলের ভেতর কারা গুলি চালিয়েছে, তা তাঁরা জানেন না।
র্যাব কর্মকর্তা মিফতা উদ্দিনের ভাষ্য, নিহত মোশাররফের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে সন্দ্বীপ থানার পুলিশ কনস্টেবল জুলহাসকে গুলি করে হত্যা চেষ্টার মামলাও।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম মশিউর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।