সন্ধান মিলেছে সেই সাত তরুণের, ফের কারাগারে
বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া হরকাতুল জিহাদের (হুজি) সাত সদস্যের সন্ধান মিলেছে। ঝালকাঠির নলছিটি থানার পুলিশ তাঁদের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে এই সাত তরুণকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছিল তাঁদের পরিবার। রোববার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিখোঁজ তরুণদের সন্ধান চায় পরিবারগুলো। এ বিষয়ে গতকাল প্রথম আলোয় ‘জামিনে মুক্তির পর কারাফটক থেকেই সাতজন নিখোঁজ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
উদ্ধার হওয়া সাত তরুণ হলেন মো. বাকি বিল্লাহ, মো. নুরুল ইসলাম, মো. সোহাগ, মো. যোবায়ের, আবুল বাশার, মো. সিরাজুল ইসলাম ও মো. মিনহাজুল। তাঁরা সবাই ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল গ্রামের বাসিন্দা। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
সন্ধান পাওয়া বাকি বিল্লাহর ভাই খায়রুল বাশার প্রথম আলোকে বলেন, গতকাল সকালে লোক মারফত খবর পেয়ে তাঁরা ঝালকাঠির আদালতে যান। সেখানে বাকি বিল্লাহসহ সবার সঙ্গে আদালতের গারদখানায় তাঁদের কথা হয়েছে। কিন্তু দুই দিন তাঁরা কোথায় ছিলেন, এ বিষয়ে কিছু বলেননি।
নলছিটি থানার পুলিশ জানায়, রোববার রাত একটার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের নলছিটির রায়পুর এলাকায় একটি কালো মাইক্রোবাস থেকে নামেন সাত তরুণ। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে টহল পুলিশ তাঁদের আটক করে। এরপর গতকাল ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়। তখন জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নলছিটি থানার ওসি এ কে এম সুলতান মাহমুদ বলেন, আটক তরুণেরা কোথা থেকে এবং কীভাবে সেখানে এসেছেন, সে ব্যাপারে তাঁরা কিছু বলতে পারেননি। তাঁদের উদ্ধারের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।
নিষিদ্ধ সংগঠন হুজির সদস্য সন্দেহে ২০১৩ সালের ১৪ আগস্ট নলছিটির নাচনমহল ইউনিয়নের খাদেমুল ইসলাম কওমি মাদ্রাসা এলাকা থেকে এই সাত তরুণসহ নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে গ্রেনেড, আগ্নেয়াস্ত্র, জঙ্গি বই ও লিফলেট জব্দ করা হয়। তখন তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে তিনটি করে মামলা করে পুলিশ। গ্রেপ্তার তরুণদের ঝালকাঠি কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেই থেকে তাঁরা বরিশাল কারাগারেই ছিলেন। পরবর্তী সময়ে মামলাগুলো থেকে একজনকে অব্যাহতি দেন আদালত। বাকি আটজনকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় চার বছর করে সাজা দেন ঝালকাঠির একটি আদালত। কিন্তু ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন তাঁরা। উচ্চ আদালত আপিল আমলে নিয়ে গত ৭ অক্টোবর তাঁদের জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সাতজনকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।