
ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসান খালেদের (৫৪) সন্ধান গতকাল সোমবারও মেলেনি। গত শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ওষুধ কেনার জন্য বের হওয়ার পর থেকে তিনি ‘নিখোঁজ’।
পুলিশ বলেছে, শনিবার সকাল ৮টা ৩৩ মিনিটে বাসার কাছেই ব্যবসায়ী হাসান খালেদের দুটি মুঠোফোন বন্ধ হয়েছে।
হাসান খালেদের শ্যালক শরিফুল আলম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এখনো তাঁর (হাসান খালেদ) খবর পাওয়া যায়নি। পুলিশ তাঁর মুঠোফোন ট্র্যাক করে জানিয়েছে বাসার পাশেই তাঁর মুঠোফোন দুটি বন্ধ হয়ে যায়। তিনি বলেন, ‘সম্ভাব্য সব জায়গায় আমরা খোঁজ নিয়েছি, কিন্তু কেউ তাঁর সন্ধান দিতে পারেননি।’ তাঁর নিখোঁজের পেছনে পারিবারিক বা ব্যবসায়িক কোনো কারণ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো কারণ তাঁর জানা নেই।
শরিফুল আলম বলেন, কেউ তাঁকে (হাসান খালেদ) অপহরণ করেছে বলেও তাঁদের মনে হচ্ছে না। এখন পর্যন্ত কেউ মুক্তিপণ চায়নি। হাসান খালেদের বাসা ধানমন্ডির ৪/এ সড়কে।
হাসান খালেদ সম্পর্কে জানতে চাইলে গতকাল বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, বিভিন্ন কারণে মানুষ নিখোঁজ হয়। তিনি (হাসান খালেদ) কী কারণে নিখোঁজ হয়েছেন, তার তদন্ত চলছে। তিনি বলেন, ‘এ ঘটনায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) শুধু বলা হয়েছে, তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। নিখোঁজ ব্যক্তি যে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সে সম্পর্কেও কিছু বলা হয়নি। আমরাই খোঁজ নিয়ে সেটা বের করেছি।’
ডিএমপির কমিশনার বলেন, হাসান খালেদের অবস্থান জানার জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ কাজ করছে।
জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, ‘আমরা চেষ্টা করছি। এখনো কোনো অগ্রগতি নেই।’
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই হাসান খালেদের মুঠোফোন দুটি বন্ধ হয়ে যায়। ফোন দুটি বন্ধ হয় সকাল ৮টা ৩৩ মিনিটে। ঘটনার তদন্তে বাসার আশপাশের ওষুধের দোকানগুলোতে গিয়ে কথা বলেও কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, হাসান খালেদ যে বাসায় থাকেন ওই বাসায় কোনো সিসি টিভি ক্যামেরা নেই। এমনকি আশপাশের বাসাতেও নেই। তাই এ ঘটনার কোনো ভিডিও ফুটেজও পাওয়া যায়নি।
ব্যবসায়ী হাসান খালেদ দীর্ঘদিন ধরে তৈরি পোশাক আমদানি-রপ্তানির ব্যবসা করেন। নিউ ইস্কাটনে তাঁর দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। এর একটি ‘নিউ এরা ট্রেডিং’ ও অন্যটি ‘কেমিকো বাংলাদেশ লিমিটেড’। তাঁর প্রতিষ্ঠান হংকংভিত্তিক ‘ক্রকোডাইল গার্মেন্টস’-এর বাংলাদেশি পরিবেশক। বসুন্ধরা সিটিতে তাঁর একটি দোকানও আছে। হাসান খালেদ নিখোঁজ হওয়ার পর শনিবার রাতে তাঁর শ্যালক ধানমন্ডি থানায় জিডি করেন।