সন্ধ্যার পর কাঁচপুর সেতু অন্ধকার বাড়ছে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুতে এক বছর ধরে সড়কবাতি জ্বলে না। এতে সেতু পারাপারে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতুতে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনাও বেড়ে গেছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহার করে যেসব যানবাহন দেশের বিভিন্ন স্থানে চলাচল করে, সেসব যানবাহন কাঁচপুর সেতু দিয়ে পারাপার হয়। এ ছাড়া কাঁচপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকেরা হেঁটে সেতু পারাপার হয়ে কর্মস্থলে আসা-যাওয়া করেন।
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নারায়ণগঞ্জ সড়ক বিভাগের কার্যালয় সূত্রে জানা গেছে, কাঁচপুর সেতুর দুই পাশের ঢালু অংশে এবং পুরো সেতুর দুই পাশে ৩৬টি সড়কবাতি ছিল। বর্তমানে সেতুর উত্তর পাশের অংশে কোনো বাতি নেই। দক্ষিণ পাশে সেতুর ওপর চারটি ও ঢালু অংশে দুটি সড়কবাতির খুঁটি আছে। তবে বাতিগুলো চুরি হয়ে গেছে। এতে সন্ধ্যার পর সেতু অন্ধকারে নিমজ্জিত হয়।
সোনারগাঁ থানা ও কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা যায়, ছয় মাসে কাঁচপুর সেতুর ওপর ৩১টি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। সেতু অন্ধকার থাকার কারণেই এসব ঘটনা ঘটছে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ কর্মকর্তা জানান।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, কাঁচপুর সেতু অন্ধকারে থাকার কারণে রাতে ডাকাতি-ছিনতাইসহ সব ধরনের অপরাধ বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সেতুর ওপর বাতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে।
কাঁচপুরের তৈরি পোশাক কারখানা ও ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিক নেতা উজ্জ্বল আহম্মেদ ও নবী উল্লাহ বলেন, এলাকার বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত কমপক্ষে এক লাখ শ্রমিক কাঁচপুর সেতু পারাপার হয়ে কর্মস্থলে আসা-যাওয়া করেন। রাতে শ্রমিকেরা ডাকাত ও ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা বলেন, দেশের গুরুত্বপূর্ণ এই সেতুকে দীর্ঘদিন ধরে এভাবে অন্ধকারে রাখা ঠিক হয়নি।
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রোশনি-এ-ফাতিমা গত শনিবার প্রথম আলোকে বলেন, কাঁচপুর সেতুর ওপরের সড়কবাতিগুলো পুনঃস্থাপনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।