সন্ধ্যায় গ্রেপ্তার নিয়ে রহস্য, রাতে 'বন্দুকযুদ্ধে' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিবর শেখ
আজিবর শেখ

গতকাল সোমবার সন্ধ্যার দিকে যেই আসামিকে নিয়ে চলছিল গ্রেপ্তারের রহস্য, রাতে সেই আসামি মারা গেলেন কথিত বন্দুকযুদ্ধে। আসামির নাম মেহেদী হাসান ওরফে আজিবর শেখ (৩৪)। তিনি মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে মায়ের জঠরে শিশু গুলিবিদ্ধ ও একজন বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় করা মামলার অন্যতম আসামি ছিলেন।

পুলিশের ভাষ্যমতে, গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শহরের দোয়ারপাড়ে আল আমিন এতিমখানা সড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় ছয় পুলিশ সদস্য আহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র গতকাল বিকেলে প্রথম আলোকে জানিয়েছিলেন, আজিবর শেখ কিছুক্ষণের মধ্যে বাসস্ট্যান্ডে আসবেন — এমন একটি খবর ছিল পুলিশের কাছে। এই খবরের ভিত্তিতে বিকেল পাঁচটার দিকে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের একটি দল অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যে একটি বাস এসে থামলে বাস থেকে নেমে আসেন আজিবর শেখ। পুলিশ সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শীও প্রথম আলোকে বলেছিলেন, লোকজনের জটলার মধ্য থেকেই পুলিশ আজিবরকে টেনে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। তবে জেলা পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ কাউকে গ্রেপ্তারের খবর অস্বীকার করেছেন।

‘বন্দুকযুদ্ধের’ ঘটনা সম্পর্কে মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায়ের ভাষ্য, ঘটনাস্থলে (শহরের দোয়ারপাড়ে আল আমিন এতিমখানা সড়কে) কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। সেখানে পুলিশ গেলে সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময় হয়। একপর্যায়ে আজিবর গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
আজিবরের লাশ মাগুরা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

আজিবরের ছোট ভাই মাসুদ রানা প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই একজন ঠিকাদার ছিল। আওয়ামী লীগের রাজনীতি করত। কেউ বলতে পারবে না সে চাঁদাবাজি বা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত ছিল। তাঁর নামে আগে কোনো মামলাও নেই। যারা অরিজিনাল চাঁদাবাজ-সন্ত্রাসী তাঁদের কিছু হয় না, আমার ভাই মারা যায়। ওই ঘটনার এক নম্বর আসামি সেন সুমন গ্রেপ্তার হইছে। তাঁর ক্রসফায়ার হয় না, ক্রসফায়ার হয় আমার নিরীহ ভাইয়ের। আমার ভাইতো তিন নম্বর আসামি ছিল।’

আজিবরের বৃদ্ধ মা রুপবান বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামী দেশ স্বাধীন করে কি করল? ওই রাজনীতি করতি যাইয়েই তো আমার ছেলেডার জীবন গেল।’

আজিবরের স্ত্রী হুসনে আরা ইরা প্রথম আলোকে বলেন, ‘রাজনীতি আমাদের সব শেষ করে দেছে। আমি এখন নাবালক বাচ্চাদের নিয়ে কোথায় যাবো। কোথায় গিয়ে দাড়াবো।’

যোগাযোগ করা হলে মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু দুপুরে প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসী কোনো দলের না। ওই ঘটনায় জড়িত কোনো সন্ত্রাসীর দায়ভার আওয়ামী লীগ নেবে না।’

গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির সময় আট মাসের অন্তঃসত্ত্বা নাজমা খাতুন (৩৫) তলপেটে গুলিবিদ্ধ হন। মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই গৃহবধূ গুলিবিদ্ধ একটি কন্যাশিশু জন্ম দেন। গুলি পেটের শিশুকে এফোঁড়-ওফোঁড় করে ফেলে। মা ও শিশু এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় নাজমার চাচাশ্বশুর মমিন ভুঁইয়া (৬৫) মারা যান। নিহত মমিন ভুঁইয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকি ইমামের চাচা।
ওই ঘটনায় ২৬ জুলাই নিহত মমিন ভুঁইয়ার ছেলে রুবেল ভুঁইয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মী ও সমর্থক। মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়। এ পর্যন্ত মামলার নয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও  পড়ুন..