সন্ধ্যায় চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় একদল কিশোরের তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় কিরিচ, হকিস্টিক এবং লাঠিসোঁটা নিয়ে একদল কিশোর হঠাৎ কয়েকটি দোকানে হামলা চালায়। দোকানের সামনের কাচ ভেঙে ফেলে তারা। রাস্তায় পার্ক করে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। ভেঙে ফেলে সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো সড়ক বিভাজকের বাতি।

হঠাৎ কিশোরদের তাণ্ডবে চেরাগী পাহাড় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা এদিক-ওদিক ছুটতে থাকেন। কিশোরদের ছিল হাতে কিরিচ, হকিস্টিক ও লাঠিসোঁটা। একটি দোকান থেকে নগদ টাকা ও মুঠোফোন লুট করে নিয়ে যায় তারা। প্রায় ১০ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী কিশোরদের সংখ্যা ছিল ২০-২২ জন। হঠাৎই তারা রাস্তার দুই পাশের প্রায় ১৪-১৫টি দোকানে হামলা চালায়। এ সময় কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করে তারা। ভেঙে ফেলে সড়ক বিভাজকের বাতি।

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, চেরাগী পাহাড়ের পাশের এলাকা ঘাটফরগাদবেগে বড়দের সামনে এক কিশোর ধূমপান করে। এ নিয়ে সেখানে একজনকে মারধর করা হয়। এর জের ধরে চোরগী পাহাড় এলাকায় ভাঙচুর করা হতে পারে। হামলাকারী কয়েকজন কিশোরের নাম পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়ক বিভাজকের কয়েকটি বাতি ভাঙা। বছর দেড়েক আগে চেরাগী পাহাড় এলাকার সড়কে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে এসব বাতি লাগানো হয়। সড়কের দুই পাশে চশমার তিনটি দোকান, একটি মিষ্টির দোকান, একটি স্টুডিও, একটি কাপড়ের দোকানের সামনের অংশের কাচ ভাঙা। চূর্ণবিচূর্ণ কাচ রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

চেরাগী পাহাড় এলাকার খাবারের দোকান ‘মালঞ্চ’ এর মালিক আবুল কাশেম প্রথম আলোকে বলেন, তাঁর দোকানে কয়েকজন কিশোর ও তরুণ এসে হঠাৎ হামলা চালায়। দোকান থেকে নগদ ১১ হাজার টাকা এবং দুটি মুঠোফোন লুট করে নিয়ে যায় তারা। হঠাৎ হামলা হওয়ায় তাঁরা কিছু বুঝে উঠতে পারেননি। এরপর ওই কিশোরেরা আশপাশের দোকানে লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাঙচুর চালায়।

ক্ষতিগ্রস্ত একটি চশমার দোকানের মালিক নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, হামলাকারীদের মধ্যে চার-পাঁচজনের হাতে কিরিচ ছিল। আরও চার-পাঁচজনের হাতে হকিস্টিক এবং বাকি তরুণদের হাতে লাঠিসোঁটা ছিল।

হামলার বিষয়ে জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ প্রথম আলোকে বলেন, হামলাকারীদের মধ্যে তিনজন শনাক্ত হয়েছে। এরা নিজেদের মধ্যে প্রায় সময় বিবাদে জড়িয়ে পড়ে। সেই বিবাদের জের ধরে দোকানপাট, সড়কবাতি ও গাড়ি ভাঙচুর করেছে। হামলায় অংশ নেওয়া বেশির ভাগ কিশোরের বয়স ১৫-১৬ বছর।