সন্ধ্যায় বাগেরহাট শহরে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট শহরের সরুই এলাকায় ঠিকাদার শরীফুল ইসলামের বাড়িতে গত বুধবার সন্ধ্যায় ডাকাতির ঘটনা ঘটেছে। শহরের প্রাণকেন্দ্রে এমন ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শরীফুলের স্ত্রী মাহফুজা আক্তার জানান, সন্ধ্যায় তিনি তাঁর সন্তান নিয়ে ঘরে অবস্থান করছিলেন। সাড়ে সাতটার দিকে পাঁচ-সাতজন দুর্বৃত্ত নিচতলার কলাপসিবল গেট ভেঙে তিনতলার ফ্ল্যাটের দরজায় টোকা দেয়। তিনি পরিচয় জানতে চাইলে তারা বলে, ‘জানালা দিয়ে তোর ছেলেকে দেখতে পাচ্ছি। দরজা না খুললে গুলি করে ছেলেকে মেরে ফেলব।’
মাহফুজা আক্তার আরও বলেন, দুর্বৃত্তরা আলমারি থেকে প্রায় সাত ভরি স্বর্ণালংকার ও প্রায় ৪০ হাজার টাকা নিয়ে চলে গেছে। ঘটনার সময় শরীফুল পেশাগত কাজে খুলনায় ছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সন্ত্রাসীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি আছে। ডাকাতি নাকি দস্যুতার মামলা হবে তা এখনো নিশ্চিত নয়। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, সরুই এলাকার বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়, সফেদাতলা, ছোট কবরখানা মোড়, বয়েজ স্কুলমাঠসহ কিছু এলাকায় দিনের বিভিন্ন সময়ে বাইরে থেকে আসা তরুণ ও বেকার যুবকদের আড্ডা দেখা যায়। পৌর নির্বাচন সামনে রেখে এলাকায় এ ধরনের বহিরাগতদের বিচরণ হঠাৎ বেড়ে গেছে।