সন্ন্যাসিনী ধর্ষণের ঘটনায় ৪ বাংলাদেশি আটকের দাবি
ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাটে সন্ন্যাসিনী ধর্ষণের মামলায় চারজন বাংলাদেশিকে আটকের দাবি করেছে ভারতের পুলিশ। গত মঙ্গলবার পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা থেকে তাদের আটক করা হয় বলে গতকাল বুধবার ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।
ছয় দিন আগে সন্ন্যাসিনী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ সেলিম শেখকে মুম্বাই থেকে এবং পরে দিল্লি থেকে গোপাল সরকার নামে দুজনকে আটক করা হয়। গত ১৪ মার্চ রানাঘাটের একটি কনভেন্টে ডাকাতি এবং ৭৪ বছর বয়সী এক সন্ন্যাসিনীকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনার পর পশ্চিমবঙ্গের পুলিশ পাঞ্জাবের পুলিশকে চার দুষ্কৃতকারীর ছবি পাঠিয়ে দেয়। লুধিয়ানা পুলিশের কর্মকর্তা মুখবিন্দর সিং বলেন, যে দুই ধর্ষককে এর আগে ধরা হয়েছে তাদের দলেরই সদস্য এই চারজন। আটক চারজনের নাম সেলিম, হাবিবুল, আসলাম সোহাদ ও জিন্নাত। প্রত্যেকেরই বয়স ২০ বছরের বেশি বলে জানায় পুলিশ।