সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ?
রংপুরের তারাগঞ্জে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় গোলাম রব্বানী নামের এক যুবকসহ সাতজনের নামে মামলা করা হয়েছে।
মেয়েটির বাবার অভিযোগ, তাঁর মেয়ে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। দুই মাস আগে উপজেলার মণ্ডলপাড়া গ্রামের আবদুল হামিদের ছেলে গোলাম রব্বানী (২০) তাঁর মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব পাঠান। কিন্তু এতে তাঁরা কেউ রাজি না হওয়ায় রব্বানী খেপে যান। গত সোমবার সন্ধ্যা ছয়টায় তাঁর মেয়ে ইকরচালী বাজার থেকে জামা কিনে হেঁটে বাড়ি ফিরছিল। পথে ইকরচালী-মাঝেরহাট সড়কের লক্ষ্মীপুর মোড় এলাকা থেকে গোলাম রব্বানীসহ কয়েকজন তাকে মাইক্রোবাস উঠিয়ে নিয়ে যান।
মেয়েটি জানায়, কিশোরগঞ্জ উপজেলার হাজিপাড়া গ্রামের একটি বাড়িতে তাকে আটকে রাখে। মঙ্গলবার রাতে রব্বানী তাকে ধর্ষণ করে। বুধবার সকালে বিয়ে করার কথা বলে তাঁর বাড়িতে নিয়ে যায়। বিকেলে রব্বানীর বাবা-মা তাকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেন। রব্বানী বলেন, ‘মেয়েটির সঙ্গে প্রেম ছিল। বিয়ে করার জন্য দুজনে ঘর ছেড়েছিলাম। বয়স কম বলে কেউ বিয়ে দেয়নি।’