সপ্তম শ্রেণির ছাত্রীকে পাচারের চেষ্টা, নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রীকে পাচারের চেষ্টার সময় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার মিরপুর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে নতুন প্রাইভেট টিউটরের কাছে নেওয়ার কথা বলে ছাত্রীকে তার বাড়ি থেকে নিয়ে যান হিমারগাঁও গ্রামের সিদ্দিক আলীর মেয়ে ফাতেমা বেগম (২৫)। তাঁরা পরস্পরের পরিচিত। ছাত্রীটি বাড়িতে না ফেরায় সন্ধ্যায় তার বাবা বাহুবল মডেল থানায় জিডি করেন। গতকাল ভোর ছয়টার দিকে ছাত্রীটিকে নিয়ে উপজেলার মিরপুর বাজারে যান ওই নারী। গতিবিধি সন্দেহ হওয়ায় বাজারের নৈশপ্রহরী তোতা মিয়া তাঁদের পরিচয় জানতে চান। কথাবার্তায় অসংগতি দেখে তিনি বাজারের ব্যবসায়ী নেতাদের বিষয়টি জানান। খবর পেয়ে বাহুবলের কামাইছড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। পরে তারা ওই নারীকে আটক করে বাহুবল মডেল থানায় নিয়ে যায়।
ফাতেমা বেগম দাবি করেন, ছাত্রীটির পরিবার গরিব। এ কারণে তাকে তিনি চাকরি দেওয়ার জন্য বাড়ি থেকে নিয়ে এসেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে তাঁরা মিরপুর বাজারের পাশে এক আত্মীয়ের বাসায় ছিলেন।
বাহুবল থানার ওসি মোল্লা মনির হোসেন বলেন, এই ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফাতেমাকে গতকাল হবিগঞ্জ আদালতে পাঠানো হয়।