সপ্তাহ পার হলেও অন্ধকারে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও তদন্তে কোনো অগ্রগতি নেই। পুরো ঘটনা নিয়ে এখনো অন্ধকারে আছে পুলিশ। ওই ঘটনায় নিহত যুবকের পরিচয়ই মেলেনি এখনো।
পুলিশ বলছে, নিহত যুবক বোমা বহনকারী ছিল। তাঁর পরিচয় পাওয়া গেলে এ হামলায় জড়িত বাকি ব্যক্তি বা গোষ্ঠীকে খুঁজে বের করা সম্ভব হবে।
মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, নিহত যুবককে স্থানীয় কেউ চিনতে পেরেছেন কি না, তা খুঁজে বের করার জন্যও পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁকে শনাক্ত করতে বিভিন্ন রাসায়নিক পরীক্ষার জন্য আলামত পাঠানো হয়েছে। সেগুলোর ফল পেতে সময় লাগবে। তিনি বলেন, ‘এটি একটি জটিল ধরনের মামলা। ফলাফল পেতে একটু সময় লাগবে। ঘটনার পর টেকনিক্যাল যেসব বিষয় ছিল, সেগুলো নিয়ে এগোচ্ছি।’
গত ২৫ ডিসেম্বর বাগমারা উপজেলার সৈয়দপুর চকপাড়া গ্রামে আহমদিয়া সম্প্রদায়ের একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অপরিচিত এক যুবক নিহত হন। গুরুতর আহত হয় শিশুসহ তিন মুসল্লি। নিহত যুবকের পরিচয় নিশ্চিত করতে না পারায় তাঁকে বেওয়ারিশ হিসেবে লাশ রাজশাহী শহরের হেতেম খাঁ কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে আসামি করে বাগমারা থানায় একটি মামলা হয়েছে।
এ ঘটনায় উগ্রপন্থী কোনো গোষ্ঠী জড়িত বলে সন্দেহ করা হলেও গতকাল পর্যন্ত তদন্তে আশাব্যঞ্জক কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ।