সব অভিযোগেরই প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতির প্রমাণ মিলেছে। মোট ২১ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সব কটিরই প্রমাণ পেয়েছে তথ্যানুসন্ধান কমিটি।
এই কমিটি গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটির সদস্যরা দীর্ঘ পাঁচ মাস তদন্ত করেন। জালিয়াতি করা ২১ শিক্ষার্থীর মধ্যে এ ইউনিটের ১৬ জন, সি ইউনিটের ৪ জন ও ডি ইউনিটের ১ জন।
তবে জালিয়াতি করা কোনো শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। কেউ কেউ ভর্তির সুযোগ পেলেও পরবর্তী সময়ে তাঁদের ভর্তি বাতিল হয়ে যায়।
গত মে মাসে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় ২১টি জালিয়াতির অভিযোগ ওঠে। অভিযোগগুলো তদন্তে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আর এম হাফিজুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তথ্যানুসন্ধান কমিটি করা হয় ১ জুন। কমিটির অপর দুই সদস্য হলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিত্য ঘোষ ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক সিরাজুদ্দৌলা। পাঁচ মাস পর তাঁরা সোমবার প্রতিবেদন জমা দিলেন।
ওই প্রতিবেদন থেকে জানা গেছে, কলা অনুষদের (এ ইউনিট) ভর্তি পরীক্ষার ১৪টি উত্তরপত্র মূল্যায়ন (ওএমআর) না করে তাঁদের পাস দেখিয়ে ফলাফল প্রকাশ করা হয়। এই ১৪ জনের মধ্যে মাত্র ২ জন পাস করেছেন। তবে তাঁরা ভর্তির যোগ্যতা অর্জন করতে পারেননি। বাকি ১২ জন ছিলেন অকৃতকার্য।
একই ইউনিটের একজন শিক্ষার্থী পরীক্ষা না দিয়েও মেধাতালিকায় ১৬১তম মেধাস্থান দখল করেন। কিন্তু ধরা পড়ার আশঙ্কায় ওই শিক্ষার্থী ভর্তি হননি। এই ইউনিটের মেধাতালিকায় সপ্তম স্থান দখলকারী শিক্ষার্থী ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে প্রাথমিকভাবে জালিয়াতির বিষয়টি ধরা পড়ায় তাঁর ভর্তি বাতিল হয়ে যায়।
বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) প্রশ্নকর্তা ছিলেন গণিত বিভাগের প্রভাষক ইসমাইল হোসেন। এই শিক্ষকের বিরুদ্ধে তাঁর আপন ছোট বোনকে মেধাতালিকার দ্বিতীয় স্থান দিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগেরও সত্যতা মিলেছে। শিক্ষক ইসমাইলকে তখনই পাঁচ বছর ভর্তি পরীক্ষার কমিটি থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে বাতিল করা হয় তাঁর বোনের ভর্তিও।
তবে এই জালিয়াতির কথা অস্বীকার করে শিক্ষক ইসমাইল হোসেন গতকাল বুধবারও প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমার বোন যোগ্যতা অনুযায়ী মেধাতালিকায় স্থান পেয়েছে।’
কোনো নিকটাত্মীয় ভর্তি পরীক্ষায় অংশ নিলে কোনো শিক্ষক প্রশ্ন প্রণয়নসহ ভর্তি পরীক্ষার কোনো প্রক্রিয়ায় যুক্ত থাকতে পারেন না—এ প্রসঙ্গে শিক্ষক ইসমাইল হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না।’
তদন্ত কমিটির প্রধান শিক্ষক হাফিজুর রহমান বলেন, ‘আমাদের দায়িত্ব ছিল কিছু অভিযোগের ভিত্তিতে তথ্য অনুসন্ধান করা। দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালিয়ে এ প্রতিবেদন দাখিল করা হয়েছে।’
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরশেদ উল আলম তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি।
উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, ভর্তির সময় এসব ঘটনা ধরা পড়েছে। ওই সময়ই সমস্যার সমাধান ও প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়েছে।
৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।