সব আসামি গ্রেপ্তার হয়নি ২০ দিনেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে চিকিৎসাধীন মশিউর রহমান
হাসপাতালে চিকিৎসাধীন মশিউর রহমান

মাগুরা সদর উপজেলার তখলপুর গ্রামের মুক্তিযোদ্ধা মশিউর রহমানকে পিটিয়ে আহত করার মামলার সব আসামিকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার পরদিন এক আসামিকে গ্রেপ্তার করা হলেও তিনি জামিন পেয়েছেন। এখন আসামিরা বাদীর পরিবারকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
আহত মুক্তিযোদ্ধা মশিউর রহমান (৬৫) ২০ দিনেও সুস্থ হননি। এখনো তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলছেন, সেরে উঠতে একটু বিলম্ব হচ্ছে, তবে তিনি শঙ্কামুক্ত।
গ্রামের কয়েকজন বলেন, তখলপুর গ্রামে মশিউর রহমানের জমির কিছু অংশ দখল করে একই গ্রামের হবিবর রহমান বাড়ি করেন। এ নিয়ে মশিউর রহমান আদালতে মামলা করেন। হবিবর রহমানের পরিবারের কিছু জমিও মশিউর রহমানের দখলে ছিল। এ নিয়ে গত ডিসেম্বরে সালিসে সব মিটমাট হয়।
মশিউর রহমানের ছেলে রিয়াদুল ইসলাম বলেন, ২৩ ডিসেম্বর সকালে বাড়ি থেকে বের হলে মাতবর আবের আলী কয়েকজনকে নিয়ে তাঁর বাবার ওপর হামলা চালান। এতে তাঁর বাবার ডান হাতের আঙুল, হাঁটু, কোমরসহ একাধিক জায়গা আঘাতপ্রাপ্ত হয়। তাঁর বাবাকে ওই দিনই মাগুরা সদর হাসপাতালের মুক্তিযোদ্ধা কেবিনে ভর্তি করা হয়। তিনি এখনো সেখানে চিকিৎসাধীন। ঘটনার পর তিনি বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ২৫ ডিসেম্বর শ্রীপুর থানায় মামলা করেন। কিন্তু আজও পুলিশ সব আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আজিজুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করলেও তিনি জামিনে বেরিয়ে আসেন। এখন আসামিরা তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছেন।
মাতবর আবের আলী মুঠোফোনে বলেন, ‘হাতুড়িপেটার ঘটনায় আমি জড়িত ছিলাম না। বাদীর পরিবারকে হুমকির অভিযোগও মিথ্যা।’
মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল হামিদ বলেন, আসামিরা আত্মগোপন করে আছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুত তাঁদের গ্রেপ্তার করা যাবে।