সবজি সরবরাহ করে প্রতারিত হচ্ছেন চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফড়িয়াদের মাধ্যমে দেশের বিভিন্ন আড়তে সবজি সরবরাহ করে ঠাকুরগাঁওয়ের চাষিরা প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সবজিচাষিদের অনেকেই পুঁজি হারানোর আশঙ্কায় পড়েছেন।
সদর উপজেলার নারগুন গ্রামের সবজিচাষি মোহাম্মদ মানিক মিয়া অভিযোগ করেন, সবজি ওঠার আগেই ফড়িয়ারা স্থানীয় চাষিদের বেশি লাভের লোভ দেখিয়ে জমি থেকে সরাসরি সবজি সরবরাহের চুক্তি করেন। চুক্তির পর ফড়িয়ারা সামান্য পরিমাণ টাকা চাষিকে আগাম দেন। সবজি তোলার সময় হলে তাঁরা জমিতে সরাসরি ট্রাক এনে সবজি তুলে নিয়ে যান। এভাবে কিছুসংখ্যক কৃষক লাভ পেলেও প্রতারিত হন অনেকেই। পরে ফড়িয়াদের কাছ থেকে তাঁরা আর টাকা আদায় করতে পারেন না।
কহরপাড়া গ্রামের আবদুল আউয়াল বলেন, ‘গত মাসে তিনজন কৃষকের কাছ থেকে স্থানীয় এক ফড়িয়া ঢাকার যাত্রাবাড়ীর এক আড়তদারের নাম করে ট্রাকবোঝাই লাউ, বেগুন ও করলা নিয়ে যান। কিন্তু সবজি নেওয়ার পর তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে। এতে আমাদের প্রায় ৭৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।’
ইয়াকুবপুর গ্রামের সবজিচাষি রহিম বলেন, ‘লিজ নেওয়া জমিতে ধারদেনা করে সবজি আবাদ করেছি। সেই সবজি বিক্রির টাকাও পেলাম না। সবজির টাকা হারিয়ে এখন আমি কূলকিনারা পাচ্ছি না। দুই মাসে ছয়জন চাষি পাইকারদের সবজি সরবরাহ করে দাম তুলতে পারেননি।’