সবাই একই পরিবারের, আরও একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের কদমপুর থেকে উদ্ধার করা চারটি লাশ একই পরিবারের। তাঁরা হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জের সাজু আহমেদ (৩৫), তাঁর স্ত্রী রনজি বেগম (২৭), ছেলে ইমরান আহমেদ (৭) ও মেয়ে সানজিদা মনি (৫)।
সাজুর বড় ভাই মো. বশিরউদ্দিন গতকাল বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে তাঁদের লাশ শনাক্ত করেন। সাজু ট্রাকচালক ছিলেন। হত্যার ঘটনায় বশিরউদ্দিন গতকাল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। কারা, কেন এক পরিবারের সবাইকে এভাবে হত্যা করল, এ বিষয়ে গতকালও কিছু জানতে পারেনি পুলিশ। গতকাল আরও একজনকে আটক করা হয়েছে।
কদমপুরের ছয়তলা একটি বাড়ির দোতলার বাসা থেকে গত বুধবার সকালে চারজনের লাশ উদ্ধার করে পুলিশ। লাশগুলোতে পচন ধরেছিল। ময়নাতদন্তকারী সূত্র জানায়, দু-তিন দিন আগে তাঁদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
গতকাল বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে বশিরউদ্দিন কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, তাঁদের গ্রামের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খারিজা তানজি।
১৫-১৬ বছর ধরে সাজু ঢাকায় থাকতেন। গ্রামে যেতেন না। দুই মাস আগে সাজু কেরানীগঞ্জের রামেরকান্দার জৈনপুর গ্রামের তানজুর বাড়িতে ভাড়া থাকতেন। গ্রামে জানিয়েছিলেন, তখন রামেরকান্দার এক ব্যক্তির মাটি বহনকারী ট্রাক চালাতেন। এরপর তাঁদের মধ্যে যোগাযোগ ছিল না। গত বুধবার পুলিশ তাঁকে ফোন করে ঘটনা জানিয়ে ঢাকায় আসতে বলে। পরে মর্গে এসে তিনি দেখলেন লাশ। তিনি জানান, লাশগুলো গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তিনি জানেন না।
বশিরউদ্দিন জানান, সাজু প্রথমে ঢাকায় রিকশা চালাতেন। এরপর কাঁচামাল বিক্রি করেন। পরে প্রথমে ট্রাকের চালকের সহকারী এবং চালক হন।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা জেলা পুলিশের (সদর দপ্তর) সহকারী পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা প্রথম আলোকে বলেন, বুধবার লাশ উদ্ধারের সময় ওই বাসা থেকে পাওয়া সাজুর ড্রাইভিং লাইসেন্সের সূত্র ধরে শ্রমিক সমিতির সঙ্গে যোগাযোগ করে ধারণা পাওয়া যায়, নিহত পুরুষ সাজু হতে পারেন। এরপর বশিরউদ্দিনকে ফোন করে বিষয়টি জানানো হয়।
কাজী মাকসুদা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় বাড়ির তত্ত্বাবধায়ক সোহেল মিয়া, নিহত সাজুর ঘনিষ্ঠ অটোরিকশাচালক আক্কাস আলী ও সাজুর এক বন্ধুর স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাজুর আরেক বন্ধু অটোরিকশাচালক রফিকুল পলাতক। তাঁকে পাওয়া গেলে হত্যার প্রকৃত কারণ বেরিয়ে আসবে। রফিকুল আত্মীয় পরিচয় দিয়ে সাজুকে আক্কাসের মাধ্যমে বাসা ভাড়া নিতে সহযোগিতা করেছিলেন।
বাসা ভাড়া নেওয়ার সময় সাজু নিজেকে কেরানীগঞ্জের আবদুল্লাহপুরের ভাওয়ারভিটির কাঁচামাল ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিলেন। গতকাল সেখানে গেলে কেউ তাঁর নাম শোনেননি বলে জানান। সেখানকার কাঁচামাল ব্যবসায়ী শরাফত মিয়া জানান, সাজু নামের কোনো ব্যবসায়ী এখানে কখনো ছিলেন না।
তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, পারিপার্শ্বিক অবস্থা ও তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, সাজুর জীবন স্বাভাবিক ছিল না। অপরাধজগতে তাঁর চলাফেরা ছিল। এ কারণে কিছু দিন পর পর বাসা বদলে গোপনীয়তার সঙ্গে চলতেন।