সবার সামনে ছাত্রীকে লাঞ্ছিত, শিক্ষকদের ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি কলেজের এক ছাত্রের বিরুদ্ধে শ্রেণিকক্ষের ভেতরই এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে কলেজের প্রথম ক্লাস শেষে এ ঘটনা ঘটে।
এর প্রতিবাদে কলেজের শিক্ষকেরা ক্লাস বর্জন করেন। স্টাফ কাউন্সিলের সভা আহ্বান করে ওই ছাত্রকে বহিষ্কার করার সুপারিশ করা হয়।
লাঞ্ছনাকারী ছাত্রের নাম মো. এজাজ। সে কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। বাড়ি নগরের মেহেরচণ্ডি এলাকায়।
প্রত্যক্ষদর্শী ছাত্রছাত্রীদের ভাষ্য অনুযায়ী, সকাল নয়টায় কলেজের ২১৮ নম্বর কক্ষে তাদের অর্থনীতি ক্লাস শুরু হয়। ক্লাস চলাকালে এজাজ শিক্ষকের কথায় কান না দিয়ে এক সহপাঠীর সঙ্গে কথা বলছিল। তখন শিক্ষক তাকে পেছনের বেঞ্চে নিয়ে বসান। সেখানে গিয়েও এজাজ শিক্ষকের কথায় মনোযোগ না দিয়ে মুঠোফোনে কথা বলছিল। একপর্যায়ে শিক্ষক এসে তার মুঠোফোনটি নিয়ে নেন। এজাজের কারণে কোনোভাবেই ক্লাস করা যাচ্ছিল না। এ সময় এক ছাত্রী বলে, ‘এই ছেলেটা ক্লাসে খুব ডিস্টার্ব করে।’ এতে ক্ষিপ্ত হয়ে ক্লাস শেষে শিক্ষক মুঠোফোনটি ফেরত দিয়ে বের হওয়ামাত্র এজাজ সবার সামনে ওই ছাত্রীকে থাপ্পড় মারে ও গালাগাল করে।
শিক্ষার্থীরা জানায়, এজাজ সব সময়ই ক্লাসে ঝামেলা করে। তার কারণে সুষ্ঠুভাবে ক্লাস করা সম্ভব হয় না। দুর্ব্যবহারের ভয়ে তার মুখের ওপর কেউ কথা বলে না। এজাজ গতকাল প্রকাশ্যে ছাত্রীটির গায়ে হাত তুললে এর প্রতিবাদে শিক্ষকেরা সঙ্গে সঙ্গে ক্লাস বর্জনের ঘোষণা দেন। তাদের সঙ্গে কর্মচারীরাও একাত্মতা ঘোষণা করেন। ঘটনার পর কলেজের স্টাফ কাউন্সিলের সভা ডেকে সেখানে সর্বসম্মতিক্রমে এজাজকে কলেজ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়।
কয়েকজন শিক্ষার্থীর দাবি, এজাজকে শুধু বহিষ্কার নয়, পুলিশেও দেওয়া উচিত। মামলা করা উচিত তার বিরুদ্ধে।
মুঠোফোন বন্ধ পাওয়ায় এ ব্যাপারে কলেজছাত্র এজাজের কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জানতে চাইলে কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক বায়েজীদ বোস্তামী প্রথম আলোকে বলেন, তিনি ক্লাস থেকে বের হয়ে আসার পরপরই কয়েকজন ছাত্র এসে তাঁকে জানায়, ক্লাসের ভেতরে ঝামেলা হয়েছে। তিনি গিয়ে দেখেন মেয়েটি কাঁদছে। তাকে থাপ্পড় দিয়েই এজাজ ক্লাস থেকে বেরিয়ে গেছে। তিনি বলেন, ‘এই ছেলেটির কারণে কলেজের কোনো শিক্ষকই সুষ্ঠুভাবে ক্লাসে পাঠদান করতে পারেন না।’
কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নীলুফার পারভীন প্রথম আলোকে বলেন, ঘটনার পর ছেলেটির অভিভাবককে ফোন করা হয়েছিল। তাঁরা ফোন ধরেননি। মেয়েটির অভিভাবক এসেছিলেন। কলেজের পক্ষ থেকে তাঁদের আশ্বস্ত করা হয়েছে যে এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।
উপাধ্যক্ষ বলেন, স্টাফ কাউন্সিলের সভায় ছাত্রটিকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। কিন্তু কলেজের অধ্যক্ষ দাপ্তরিক কাজে বাইরে থাকায় আপাতত তা কার্যকর করা যাচ্ছে না। বিষয়টি জেনে অধ্যক্ষ বলেছেন, তিনি এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।