সবার সামনেই রোগী ভাগান দালালেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার, সকাল সাড়ে নয়টা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বহির্বিভাগে কয়েক শ রোগী। প্রশাসনের সব লোকজন আছেন, আছেন আনসার সদস্যরাও। সবার চোখের সামনে দালাল পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতাল থেকে রোগী পাঠাচ্ছেন ঢাকা ল্যাব নামের এক রোগনির্ণয় কেন্দ্রে। অথচ প্রায় সব পরীক্ষা-নিরীক্ষারই ব্যবস্থা আছে এই হাসপাতালে।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ২৫০ শয্যার। প্রতিদিন বহির্বিভাগে সেবা নেন ৯০০ থেকে এক হাজার ২০০ রোগী। কর্তৃপক্ষ বলছে, হাসপাতালটিতে অত্যাধুনিক যন্ত্রপাতিতে সার্বক্ষণিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা আছে। কিন্তু দালালদের কারণেই এই হাসপাতালে দরিদ্র রোগীদের পরীক্ষা-নিরীক্ষায় অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রোগীদের এক্স-রে করতে খরচ ২০০ টাকা, ইসিজিতে ৮০ টাকা, এইচবিএসএজিতে ১৫০ টাকা খরচ হয়। ঢাকা ল্যাবে এক্স-রেতে ৪০০ টাকা, ইসজিতে ২০০ টাকা এইচবিএসএজিতে ৭০০ টাকা খরচ পড়ে। গতকাল বেলা ১০টার দিকে নিজের মালপত্রের ব্যাগের ওপর ভর দিয়ে শুয়ে ছিলেন এক নারী। ওই নারীর ডান চোখটি যেন ঠিকরে বেরিয়ে আসছে। কী হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘গরুর গা ধোয়াচ্ছিলাম, তো গুঁতোয়ে দিল। টিটমেন্ট করায়েছি, অপরেশনও হয়িছে। কাজ হয়নি। মাগুরা থেকেই এখানে পাঠায়েছে।’ তিনি আরও বলেন, মাগুরার চিকিৎসকদের পরামর্শে গত সোমবার তিনি ঢাকায় আসেন। বহির্বিভাগ থেকে চিকিৎসকেরা রক্ত, এক্স-রে, সিটি স্ক্যান করার পরামর্শ দিলে এক ব্যক্তি তাঁকে ঢাকা ল্যাবে পরীক্ষা করানোর পরামর্শ দেন। অসুস্থ ওই নারীর এক স্বজন ঢাকা ল্যাবে পৌঁছানোর ঠিকানা লেখা একটি স্লিপ বের করে দেখান। যে ব্যক্তি বাইরে পরীক্ষা করাতে বলেছেন, তাঁকে দেখলে চিনতে পারবেন কি না, জানতে চাইলে রোগী ও তাঁর স্বজনেরা বলেন, তাঁরা ঢাকা শহরে প্রথম এসেছেন। কাউকে চেনেন না। তাঁদের কাগজপত্র ঘেঁটে দেখা গেল, এই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের একজন চিকিৎসক।
সিটি স্ক্যান, এমআরআই কক্ষের বাইরে রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে ফেরার পথে হাসপাতালে যে কাউন্টারে পরীক্ষা-নিরীক্ষার টাকা জমা নেওয়া হয়, সেখানেই পাওয়া গেল একজনকে। তিনি মিনহাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ঢাকা ল্যাবে যাওয়ার জন্য পীড়াপীড়ি করছিলেন। কী হয়েছে জানতে চাইল মিনহাজ বলেন, ‘আমার ভাইটা আর্মিতে ঢুকেছে। ওর চোখের পাতাটা পুরোপুরি খোলে না। তাই এখানে এসেছিলাম। ডাক্তার ইকোকার্ডিওগ্রাম করতে বলেছে। এই হাসপাতালে এ পরীক্ষা হয় না।’ চিকিৎসকের পরামর্শপত্রে ইকোকার্ডিওগ্রাম করতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যেতে বলা হয়েছে। যিনি ঢাকা ল্যাবের স্লিপ সবার সামনে বিতরণ করছেন, তাঁর পরিচয় ওই ব্যক্তি নিজেই বললেন, ‘আমি আলী হোসেন। এই হাসপাতালের এমএলএসএস। উল্টো তিনি এই প্রতিনিধিকে বলেন, ঢাকা ল্যাবে পাঠালে আপনার সমস্যা কী?’ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তাহের জানান, আলী হোসেন নামে কোনো কর্মচারী হাসপাতালে নেই। তবে সাবেক এক কর্মচারীর মেয়েজামাই আছেন এই নামে। তিনি এসব করতে পারেন।
হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা বলেন, দালালদের উৎপাত ঠেকাতে একটি শৃঙ্খলা কমিটি করা হয়েছে। আনসারদেরও নজর রাখতে বলা হয়েছিল।