সবুজবাগে বাসায় ঢুকে বাবা ও ছেলেকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগে গতকাল মঙ্গলবার ভোরে বাসায় ঢুকে বাবা আবুল হোসেন (৬৫) ও ছেলে জাহিদ হোসেনকে (৩৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। জাহিদকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। আবুল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী পরিবারের ধারণা, হামলাকারীরা ডাকাত। তবে তারা বাসা থেকে কিছু লুট করতে পারেনি। তবে পুলিশ বলছে, ডাকাতির চেষ্টা নয়, পূর্বশত্রুতার জেরে এটি ঘটে থাকতে পারে।
আহতদের স্বজনেরা জানান, আবুল হোসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিনিয়োগ বোর্ডের সহকারী পরিচালক ছিলেন। ২০০৬ সালে তিনি অবসর নেন। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফোরামের প্রধান উপদেষ্টা।
আবুল হোসেন বলেন, সবুজবাগ থানার মাদারটেকের বাগানবাড়ি এলাকায় তাঁর চারতলা একটি বাড়ি আছে। ওই বাড়ির তৃতীয় তলায় তিনি সপরিবারে থাকেন। বাড়ি দেখাশোনার কাজ করেন তাঁর ভাতিজা আবদুল মান্নান। মান্নান থাকেন নিচতলার একটি কক্ষে। গতকাল ভোর সাড়ে চারটার দিকে মান্নান ফজরের নামাজ পড়ার প্রস্তুতি নেওয়ার সময় বাড়ির ফটকের সামনে দুই যুবককে দেখে পরিচয় জানতে চান। ওই যুবকেরা জানায়, পুলিশ তাদের ধাওয়া করেছে। এমন সময় আরও ১০-১২ জন যুবক দেয়াল টপকে ভেতরে ঢুকে মান্নানের হাত-পা বেঁধে ফেলে। পরে মান্নানকে তৃতীয় তলায় উঠিয়ে তাঁকে দিয়ে ডাকানো হয়। মান্নানের ডাকে দরজা খোলামাত্রই যুবকেরা বাসায় ঢুকে পড়ে। তারা টাকা ও স্বর্ণালংকার কোথায় জানতে চায়। টাকা নেই বললে যুবকদের একজন তাঁর (আবুল হোসেন) ঘাড়ে ছুরিকাঘাত করে। প্রতিবাদ করতে গেলে তাঁর ছেলে জাহিদের পায়ে তিনটি ছুরিকাঘাত করে যুবকেরা। চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন আসতে পারে মনে করে যুবকেরা কিছু না নিয়ে তড়িঘড়ি বাসা থেকে বের হয়ে যায়।
আবুল হোসেন বলেন, তাঁর সঙ্গে কারও শত্রুতা নেই। ওই যুবকেরা ডাকাতি করতেই বাসায় ঢুকেছিল বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, যুবকেরা ডাকাত হলে ওই বাসা থেকে কিছু না কিছু লুট হতো। আর যুবকেরা ঢুকেই ছুরিকাঘাত শুরু করে। তাই প্রাথমিকভাবে একে ডাকাতি মনে হচ্ছে না। পূর্বশত্রুতার কারণে ঘটে থাকতে পারে। তবু পরিবারের অভিযোগের ভিত্তিতে ডাকাতিসহ আরও বিভিন্ন বিষয় মাথায় রেখে তদন্ত চলছে। যুবকদের গ্রেপ্তার করতে পারলে ঘটনার রহস্য উদ্ঘাটিত হবে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।