সভাপতি ও সম্পাদকের অনুসারীদের মধ্যে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাপস হত্যা মামলার দুই আসামি গতকাল পরীক্ষা দিতে ক্যাম্পাসে আসায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টররা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হলের সামনে থেকে সরিয়ে দেয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের একটি সূত্র জানায়, শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘ভিএক্স’ (ভার্সিটি এক্সপ্রেস) নেতা রুবেল দে ও শাহরিদ শুভ গতকাল পরীক্ষা দিতে ক্যাম্পাসে যান। দুজনই ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র। তাঁরা পরীক্ষা দিতে ক্যাম্পাসে এসেছেন, তা জানতে পেরে পরীক্ষার হলের সামনে ছাত্রলীগের বগিভিত্তিক আরেকটি পক্ষ ‘বিজয়’-এর নেতা-কর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভের খবর পেয়ে রুবেল দে ও শাহরিদ শুভর পক্ষ হয়ে বগিভিত্তিক আরেকটি পক্ষ ‘সিক্সটি নাইন’-এর নেতা-কর্মীরাও উপস্থিত হন সেখানে। একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টররা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ বিজয় পক্ষের নেতা-কর্মীদের হলের সামনে থেকে সরিয়ে দেয়। এ সময় ক্ষুব্ধ হয়ে বিজয় পক্ষের নেতা-কর্মীরা প্রক্টর কার্যালয়ের একটি জানালার কাচ ভেঙে ফেলেন।
গত বছরের ১৪ ডিসেম্বর ভিএক্স ও বিজয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে বিজয় পক্ষের কর্মী তাপস সরকার খুন হন। এ দুটি পক্ষই তখন পর্যন্ত নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হয়ে ক্যাম্পাসে রাজনীতি করতেন। তবে গত ২৪ মে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হয়ে ক্যাম্পাসে যান ভিএক্স পক্ষের নেতা-কর্মীরা। এই পক্ষের হয়ে রাজনীতি করেন রুবেল ও শাহরিদ। তাঁরা দুজনই তাপস হত্যা মামলার আসামি ছিলেন।
বিজয় পক্ষের নেতৃত্বে আছেন ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক ফজলে রাব্বী। অন্যদিকে সিক্সটি নাইন পক্ষের নেতৃত্বে আছেন বর্তমান সভাপতি আলমগীর টিপু। সিক্সটি নাইন এই ঘটনায় ভিএক্স পক্ষের ওই দুই নেতার পাশে ছিলেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির হায়দারকে লাঞ্ছিত করার ঘটনায় রুবেল দে ও শাহরিদ শুভকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। যাঁদের বহিষ্কার করা হয়েছে, তাঁদের দায় ছাত্রলীগ নিতে পারে না।’
তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, ‘যাঁরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাঁদের পরীক্ষায় বাধা দেওয়ার অধিকার কারও নেই। তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, দুই শিক্ষার্থীর পরীক্ষা দেওয়া নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা। পরে পুলিশ একপক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। এ ঘটনায় কিছু ছাত্র প্রক্টর কার্যালয়ে এসে প্রতিবাদ জানায়।