সভাপতিকে পেটালেন প্রধান শিক্ষক
রাজশাহীর তানোরে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে উপজেলার মোহর গ্রামে মোহর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে সভাপতি আবদুল জব্বার গতকাল রোববার তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
প্রধান শিক্ষক রমজান আলী দাবি করেন, একজন অসহায় নারীকে নিয়োগ দিতে সভাপতিকে সুপারিশ করা হয়। কিন্তু সভাপতি সুপারিশ না রাখায় দুজনের মধ্যে একটু ধাক্কাধাক্কি হয়। মারধরের অভিযোগ অস্বীকার করেন প্রধান শিক্ষক।
সভাপতি আবদুল জব্বার বলেন, প্রধান শিক্ষকের বাসায় তখন কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন না। তিনি একা কার্যবিবরণীতে স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক প্রথমে তাঁকে ঠেলা দেন। তারপর হাতের কাছে থাকা ক্রিকেট খেলার একটি ব্যাট দিয়ে তাঁকে পেটান।