সভাপতিকে মামলা থেকে বাঁচাতে শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন!
বগুড়ার শাজাহানপুরে একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে মামলা থেকে বাঁচাতে শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করানোর অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার ক্লাস বর্জন করে উপজেলার মাঝিড়া উচ্চবিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী বিদ্যালয় চত্বরে বিক্ষোভ করে। এর আগে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশের বাধায় তা ব্যর্থ হয়।
এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার মাঝিড়া বন্দর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নুরুজ্জামান গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন। তিনি উপজেলা যুবলীগের সদস্য সাজু ইসলামকে কুপিয়ে পঙ্গু করার মামলার আসামি। নুরুজ্জামান মাঝিড়া উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার সুবাদে মামলা থেকে বাঁচতে শিক্ষার্থীদের আন্দোলনে নামান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আত্মগোপনে থাকা ওই নেতাকে মামলা থেকে অব্যাহতির দাবিতে গতকাল মাঝিড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয়। বিষয়টি শাজাহানপুর থানার পুলিশ জানতে পেরে শিক্ষার্থীদের রাস্তায় না নামানোর জন্য বিদ্যালয়ের শিক্ষকদের নির্দেশ দেয়। এরপর মহাসড়কে না এসে বিদ্যালয়েই বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
মাঝিড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মামলার আসামি হয়ে পলাতক থাকায় শিক্ষকদের বেতন-ভাতা উত্তোলন, দরিদ্র শিক্ষার্থীদের বেতন মওকুফসহ স্বাভাবিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। তা ছাড়া সভাপতি জানিয়েছেন, তাঁকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে। এ জন্য শিক্ষার্থীরা মানববন্ধন ও অবরোধ করতে মহাসড়কে যেতে চেয়েছিল। পরে নিরাপত্তাজনিত কারণে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয়ের ভেতরেই বিক্ষোভ করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানিয়েছেন, যুবলীগের নেতাকে কোপানোর মামলা ছাড়াও স্বেচ্ছাসেবক লীগের নেতা নুরুজ্জামানের বিরুদ্ধে একটি হত্যা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
শাজাহানপুর থানা সূত্র জানায়, সম্প্রতি উপজেলা যুবলীগের সদস্য সাজু ইসলামের ওপর সন্ত্রাসী হামলা হয়। হামলাকারীরা তাঁকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে ওই নেতার পা কেটে ফেলতে হয়। ওই ঘটনায় শাজাহানপুর বন্দর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নুরুজ্জামানসহ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। নুরুজ্জামান বর্তমানে আত্মগোপনে রয়েছেন।