সভাপতিত্ব নিয়ে দ্বন্দ্বে বেতন বন্ধ
রাজশাহীর বাগমারার মোহনগঞ্জ উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদ না থাকায় পাঁচ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। পরিচালনা পর্ষদের সভাপতির পদ নিয়ে বিরোধের জের ধরে শিক্ষক-কর্মচারীরা এ ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানা গেছে।
বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক চার শিক্ষক বলেন, পরিচালনা পর্ষদের সভাপতির পদ নিয়ে ক্ষমতাসীন দলের দুই নেতার মধ্যে বিরোধে এক পক্ষে রয়েছেন আওয়ামী লীগের গণিপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শামসুল হক এবং অপর পক্ষে সাবেক সভাপতি ইনছান আলী।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, আওয়ামী লীগ সরকার প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর স্থানীয় সাংসদের ডিও লেটার নিয়ে আওয়ামী লীগের গণিপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ইনছান আলী পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন। তিনি দায়িত্ব পালনকালেই আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শামসুল হককে সভাপতি করতে সাংসদ আরেকটি ডিও লেটার দেন। এই নিয়ে তাঁদের মধ্যে বিরোধ এবং একাধিক মামলাও হয়।
পরে আওয়ামী লীগের নেতা শামসুল হককে সভাপতি করে একটি অস্থায়ীকমিটি গঠন করা হয়। এর মেয়াদ গত বছরের ১৯ অক্টোবর শেষ হয়। কিন্তু আর নতুন কমিটি না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা সরকারি অংশের বেতন-ভাতা তুলতে পারছেন না।
সহকারী শিক্ষক আকরাম হোসেন বলেন, কমিটি না থাকায় বেতন বিলে সভাপতির স্বাক্ষর নেওয়া যাচ্ছে না। তাই ব্যাংকে বিলও জমা দিতে পারছেন না। পাঁচ মাস ধরে তাঁরা বেতন-ভাতার জন্য বিভিন্ন দপ্তরে গেলেও কোনো সুরাহা হচ্ছে না। তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষকেরা বিষয়টি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি মানবিক দিক বিবেচনা করে শিক্ষকদের বেতন বিলে স্বাক্ষর করে ব্যাংকে পাঠালেও ব্যাংক কর্তৃপক্ষ তা ফেরত পাঠায়। এ প্রসঙ্গে ব্যাংকের ব্যবস্থাপক ফিরোজুল আলম জানান, তাঁদের (বিদ্যালয় কর্তৃপক্ষ) জেলা শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ নেতা শামসুল হক বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আগের সভাপতি ইনছান আলীর ছেলের স্ত্রী। তাঁর গড়িমসি ও অবহেলায় এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি।
মুঠোফোনে গতকাল ইনছান আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তবে তাঁর পুত্রবধূ এবং ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা পারভীন বলেন, সাংসদ সভাপতি পদে আরেকজনকে সুপারিশ করে চাহিদাপত্র দিয়েছেন, এমন খবর জানার পর আগের কমিটি অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে জমা দেওয়া সম্ভব হচ্ছে না।