সভাপতির অপসারণ দাবি করায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার একডালা উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির অপসারণ ও তাঁর ভাইয়ের বিচারের দাবি করায় বিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও গণিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সোবহান প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম এবং সহকারী শিক্ষক জয়নাল আবেদিনকে সাময়িক বরখাস্ত করে গতকাল বৃহস্পতিবার তাঁদের কাছে চিঠি পাঠিয়েছেন।
ওই চিঠিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্থানীয় সাংসদ এনামুল হক ও বিদ্যালয়ের সভাপতি আবদুস সোবহানকে কটূক্তি করায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে আসাদুল ইসলাম ও জয়নাল আবেদিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওই বিদ্যালয়ের অন্তত পাঁচজন শিক্ষক বলেন, বিদ্যালয়ের এক ছাত্রের সঙ্গে বহিরাগত এক যুবকের মারধরের ঘটনা গত সোমবার মীমাংসা করা হয়। ওই দিন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সোবহানের ছোট ভাই ছাত্রলীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি সফিকুল ইসলাম বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের গালিগালাজ করেন। এ সময় অন্য শিক্ষকেরা তাঁকে বিদ্যালয় থেকে তাড়িয়ে দিলে তিনি ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষককে ভয়ভীতি প্রদর্শন করেন ও হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে সভাপতির অপসারণ ও তাঁর ভাইয়ের বিচারের দাবিতে সোম ও মঙ্গলবার শিক্ষার্থীরা মিছিল-সমাবেশ করে। এতে ক্ষুব্ধ হয়ে সভাপতি ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।
এ ব্যাপারে আসাদুল ও জয়নাল বলেন, যেসব অভিযোগে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, তা হাস্যকর। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সভাপতি সোবহান নিয়ম না মেনে প্রতিহিংসাপরায়ণভাবে তাঁদের সাময়িক বরখাস্তের চিঠি দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের পাঁচ সদস্য বলেন, ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের বিষয়ে তাঁদের নিয়ে কোনো সভা করা হয়নি, এটা সভাপতির ব্যক্তিগত সিদ্ধান্ত।
আবদুস সোবহান বলেন, আসাদুল ও জয়নাল গত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু, স্থানীয় সাংসদ ও তাঁর সম্পর্কে কটূক্তি করেছেন। এটা রাষ্ট্রদ্রোহ অপরাধ। এ ছাড়া প্রধান শিক্ষক সোমবার অনুমতি ছাড়াই বিদ্যালয়ে সালিসি বৈঠক করেছেন ও তাঁর (সোবহান) বিরুদ্ধে শিক্ষার্থীদের লেলিয়ে দিয়ে মিছিল সমাবেশ করেছেন। এসব বিষয়ে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তাঁরা কোনো জবাব না দেওয়ায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।