সভাপতির নির্দেশমতো প্রতি মাসের বেতনের টাকা স্কুলের হিসাবে জমা দিতে রাজি না হওয়ায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দুলদিয়া ইউনিয়নের গচিহাটা গ্রামের গচিহাটা পল্লি একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষককে স্কুলছাড়া করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে এখতিয়ারবহির্ভূতভাবে বহিষ্কার করেছেন সভাপতি।
ঘটনার শিকার শিক্ষকেরা হলেন প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম, সহকারী শিক্ষক আসাদ মিয়া, আতাউর রহমান ও সাবিনা আক্তার। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হলেন মেজর (অব.) আক্তারুজ্জামান ওরফে রঞ্জন। তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ। ওই বিদ্যালয়ের ক্যাম্পাসেই আছে গচিহাটা পল্লি একাডেমি উচ্চবিদ্যালয়, গচিহাটা কলেজ ও কিন্ডারগার্টেন।
ভুক্তভোগী শিক্ষক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২৬৭। আক্তারুজ্জামান স্কুলটির জমিদাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি। ২০১৩ সালে এটি জাতীয়করণ হয়। তার আগে পরিচালনা কমিটির মাধ্যমে শিক্ষকদের বেতন দেওয়া হতো। প্রধান শিক্ষকের বেতন ছিল ৪ হাজার ৭০০ টাকা। আর সহকারী শিক্ষকেরা পেতেন ৪ হাজার ২০০ টাকা। ২০১৩ সালে জাতীয়করণ হলেও শিক্ষকদের সরকারি বেতন নিয়মিত হয় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে। এর আগে তাঁরা বকেয়া বেতন হিসেবে ৮ লাখ ৫৭ হাজার টাকা প্রাপ্য হন। সভাপতি আক্তারুজ্জামান চার শিক্ষককে ওই টাকা স্কুলের হিসাবে জমা দিতে বলেন। বাধ্য হয়ে তাঁরা গত ২৩ ফেব্রুয়ারি সোনালী ব্যাংক কটিয়াদী শাখা থেকে টাকা তুলে ন্যাশনাল ব্যাংকের গচিহাটা শাখায় যৌথ হিসাবে জমা দেন। হিসাবটি প্রধান শিক্ষক ও সভাপতির যৌথ স্বাক্ষরে পরিচালিত হয়। পরে সভাপতির চাপে ওই টাকা ব্যাংক থেকে তুলে তাঁর হাতে তুলে দেন প্রধান শিক্ষক। কিন্তু সভাপতির চাওয়া হলো, প্রতি মাসেই শিক্ষকদের বেতনের টাকা তুলে ওই যৌথ হিসাবে জমা দিতে হবে। এরপর তাঁরা স্কুল থেকে আগে যে হারে বেতন পেতেন, তার চেয়ে কিছুটা বাড়িয়ে দেওয়া হবে। গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে সভাপতি আবার চার শিক্ষককে ডেকে তাঁদের মাসিক বেতন যৌথ হিসাবে জমা দিতে বললে মূল ঝামেলাটা বাধে।
শামসুন্নাহার বেগম বলেন, ‘সভাপতির নির্দেশে বকেয়া বেতন হিসেবে প্রাপ্য ৮ লাখ ৫৭ হাজার টাকা সভাপতির হাতে তুলে দিয়েছি। এখন আমাদের অপরাধ, আমরা কেন নিয়মিত বেতনের টাকা যৌথ হিসাব নম্বরে জমা দিতে অস্বীকৃতি জানালাম।’
শিক্ষকদের অভিযোগ, সভাপতির নির্দেশ না মানায় রমজান ও ঈদের বন্ধের মধ্যে সাবিনা আক্তার ছাড়া অপর তিন শিক্ষককে বহিষ্কার করা হয়। বহিষ্কারের চিঠিতে ১৬ জুন স্বাক্ষর করেন সভাপতি। বহিষ্কারের কারণ হিসেবে শৃঙ্খলাভঙ্গ ও স্কুলে না আসাসহ ১৭টি কারণ উল্লেখ করা হয়েছে।
তবে শামসুন্নাহার বেগম বলেন, ‘আমাকে বহিষ্কারের ১৭টি কারণ উল্লেখ করা হয়েছে। কিন্তু এর ১টিও সত্য নয়।’
একই কথা বলেন সহকারী শিক্ষক আসাদ মিয়া, আতাউর রহমান ও সাবিনা আক্তার। তাঁরা বলেন, তাঁরা একাধিকবার স্কুলে প্রবেশের চেষ্টা করলে দারোয়ান ও নৈশপ্রহরী দিয়ে তাঁদের তাড়িয়ে দেওয়া হয়। ফলে নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে তাঁরা ২৮ জুন কটিয়াদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অভিযোগের বিষয়ে আক্তারুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘৮ লাখ ৫৭ হাজার টাকার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তা ছাড়া বেতন যৌথ হিসাব নম্বরে জমা দেওয়ার বিষয়ে আমার কোনো নির্দেশনা ছিল না। মূলত শৃঙ্খলাভঙ্গের কারণে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।’ শিক্ষকদের বহিষ্কারের এখতিয়ার সভাপতির আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই পারে এবং নিয়ম মেনেই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি।’
সভাপতি আক্তারুজ্জামান ওই তিন শিক্ষককে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্তের কপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাইজু উদ্দিন আকন্দ বলেন, ‘পরিচালনা কমিটি কোনোভাবেই শিক্ষককে বহিষ্কার করতে পারে না। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পর্যায়ে মাসিক সভায় তোলা হয়েছে। আমি নিজে স্কুল পরিদর্শনে গিয়ে অচলাবস্থা দেখে এসেছি।’
ইউএনও নজরুল ইসলাম বলেন, আইনগতভাবে পরিচালনা কমিটি কোনো শিক্ষককে বহিষ্কার করতে পারে না। বিষয়টি তিনি দেখছেন।
এদিকে শিক্ষকদের বহিষ্কারের পর মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক জাকিয়া বেগমকে প্রাথমিক শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। পাঠদান কার্যক্রম চলছে তিনজন খণ্ডকালীন ও মাধ্যমিক শাখার শিক্ষকদের দিয়ে।
জাকিয়া বেগম বলেন, বিশেষ পরিস্থিতি মোকাবিলা করার জন্য সভাপতির নির্দেশে তিনি বাড়তি এ দায়িত্ব পালন করছেন।