সভাপতির দখল থেকে বিদ্যালয়ের জমি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শতাংশ জমি সভাপতির অবৈধ দখল থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের নির্দেশে পুলিশ ওই জমিতে গড়ে তোলা টিনের ঘর গুঁড়িয়ে দিয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, সরাইল উপজেলা সদরে উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭০ সালে ৩৩ শতাংশ ভূমির ওপর প্রতিষ্ঠিত হয়। গত বছরের অক্টোবর মাসে বিদ্যালয়ের পার্শ্ববর্তী বাড়ির মালিক মনিরুল ইসলাম বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব নেন। উপজেলা প্রশাসনের মাধ্যমে গত জানুয়ারি মাসে বিদ্যালয়ের পশ্চিম পাশের পুরোনো ভবনটি অপসারণ করা হয়। ওই স্থানে ৩১ লাখ টাকা ব্যয়ে তিন কক্ষের একটি নতুন ভবন পুনর্নির্মাণের জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এর জন্য ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়। মেসার্স হাসান বিল্ডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ১ মার্চ থেকে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করে। পরদিন মনিরুল ইসলাম কাজ বন্ধ করে দেন। ৩ মার্চ রাতে মনিরুল ইসলাম বিদ্যালয়ের ওই জায়গার চার দিকে বেড়া দিয়ে টিনের একটি ঘর নির্মাণ করে নিজ দখলে নেন।
এ ব্যাপারে প্রতিকার চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুন নাহার সুলতানা হক ৯ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
মুঠোফোনে মনিরুল ইসলামের স্ত্রী নাজনিন বেগম প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ে দান করা ৩৩ শতাংশ জমির মালিক ছিলেন আমার শ্বশুর আফাল উদ্দিন ও তাঁর দুই ভাই (সফর উদ্দিন ও ফয়েজ উদ্দিন)। কিন্তু জমি দলিল করে দিয়েছেন শুধু সফর উদ্দিন। আমার শ্বশুর ওই জমি লিখে দেননি। তাই আমরা শুধু আমাদের জায়গা দখলে নিয়েছিলাম। এ ব্যাপারে মামলাও আছে। এখন এ জায়গা আমরা বিদ্যালয়কে দেব না। আবার দখল করব।’