বগুড়ার কাহালু উপজেলার উচলবাড়িয়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।
গত ১৫ মার্চ বিদ্যালয়ের দুজন দাতাসদস্য পৃথকভাবে রাজশাহী শিক্ষা বোর্ডের পরিদর্শকের কাছে এসব অনিয়মের ব্যাপারে অভিযোগ করেন। ১৬ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিনিধি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মকবুল হোসেন বিদ্যালয়ে গিয়ে এ বিষয়ে তদন্ত করেছেন।
মকবুল হোসেন বলেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে কিছু অনিয়ম পাওয়া গেছে।’
তবে বিদ্যালয়ের সভাপতি শাহাদত হোসেন বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক।’ তিনি জানান, বিদ্যালয়কে কেন্দ্র করে গত ছয় মাসে তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা করেছেন স্থানীয় লোকজন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত নিয়েই বিদ্যালয়ের উন্নয়নের জন্য এসএসসি শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে।’