সভাপতির বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেন্ডারিয়া থানা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম খান ওরফে রিয়াদের বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ উঠেছে। এই অভিযোগে পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে একটি মামলাও করেছে। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।
গত ২১ ফেব্রুয়ারি পিস্তল, গুলিসহ দুই যুবককে আটকের সূত্র ধরে রিয়াদের অস্ত্র ব্যবসায় জড়িত থাকার তথ্য পায় পুলিশ। পরদিন আটক দুই যুবকসহ রিয়াদকেও আসামি করে মতিঝিল থানায় একটি মামলা হয়।
মামলার এজাহারে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ২১ ফেব্রুয়ারি কমলাপুর বাজার রোডের আনার বেকারির পশ্চিম পাশে অস্ত্র কেনা-বেচা হবে। সে অনুযায়ী দুপুর ১২টার দিকে পুলিশ ওই এলাকায় গেলে দুই যুবক পালানোর চেষ্টা করেন। কিন্তু সন্দেহ হওয়ায় পুলিশ তাঁদের আটক করে। আটক দুজন হলেন নাহিদুল ইসলাম (৩০) ও নাজমুল হোসেন ওরফে নোমান (২৯)। তাঁদের তল্লাশি করে নাহিদুল ইসলামের হাতে থাকা খাকি রঙের একটি শপিং ব্যাগে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি পাওয়া যায়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুসারে নোমানের মতিঝিলের কবি জসীমউদ্দীন রোডের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নোমান পুলিশকে জানান, স্থানীয় বড় ভাই কামরুল ইসলাম (২৯) ও রিয়াদ (২৮) বিক্রির জন্য তাঁর কাছে অস্ত্র ও গুলিগুলো রাখতে বলেছিলেন।
পরদিন নাহিদুল, নোমান, কামরুল ও রিয়াদকে আসামি করে অস্ত্র আইনে মামলা হয়। মামলার এজাহারে প্রথম তিন আসামির পূর্ণাঙ্গ নাম-ঠিকানা দেওয়া হলেও রিয়াদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা দেওয়া হয়নি। তবে রিয়াদের নামের সঙ্গে তাঁর মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে। এই মুঠোফোন নম্বর ধরে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে রিয়াদের পুরো নাম শহিদুল ইসলাম খান। তিনি গেন্ডারিয়া থানা ছাত্রলীগের সভাপতি। কামরুল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসম্পাদক বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম আকন্দ।
সাইফুল প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর নাহিদুল ও নোমানকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুজনই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে দুজন বলেছেন, অস্ত্র ও গুলিগুলো তাঁরা কামরুল ও রিয়াদের কাছ থেকে পেয়েছেন। তিনি বলেন, জবানবন্দিতে নাম আসা দুজন (কামরুল ও রিয়াদ) পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে নিশ্চিত হওয়া যাবে যে বিক্রির উদ্দেশ্যে অস্ত্রগুলো আনা হয়েছিল, নাকি কারও কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছিল।