নড়াইলে মুনশি মানিক মিয়া ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ বাতিল
সভাপতির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
আর্থিক অনিয়ম এবং অব্যবস্থাপনার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া মুনশি মানিক মিয়া ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ২৯ মে কমিটি ভেঙে দিয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছে।
আহ্বায়ক কমিটিকে ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। ২৩ মে কলেজ পরিদর্শক শামসুদ্দিন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি ইউএনও মো. কামরুল ইসলাম পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।
কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীমুর রহমান বিশ্ববিদ্যালয়ের বিধি লঙ্ঘন করে উন্নয়ন প্রকল্পের নামে কলেজের তহবিল থেকে প্রায় ৩ কোটি টাকা তছরুপ করেছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, কালিয়ার ইউএনও ১৫ ফেব্রুয়ারি কলেজের অনিয়ম, দুর্নীতিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের তদন্তপূর্বক একটি প্রতিবেদন কলেজ পরিদর্শকের কাছে পাঠান। ওই প্রতিবেদনে কমিটি বাতিলের প্রসঙ্গও উল্লেখ করেন। এ ছাড়া নড়াগাতী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম খাজা নাজিম উদ্দীন ৫ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবরে একটি অভিযোগ দায়ের করেন।
ইউএনওর তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, বাতিল করা কমিটির সদস্যসংখ্যা ছিল ১৩। এর মধ্যে ৮ জনই ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিকটাত্মীয়। কমিটির সভাপতি ছিলেন কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমান। তিনি অনুমোদনহীন প্রতিষ্ঠাতা সদস্য, তাঁর স্ত্রী মিসেস ফরিদা রহমান দাতা সদস্য, ছোট ভাই খান রাসেল হিতৈষী সদস্য, ছোট ভাইয়ের স্ত্রী তানজুন নাহার শিক্ষক প্রতিনিধি, ভাতিজা খান জাহাঙ্গীর আলম ও খান ইব্রাহিম বিদ্যোৎসাহী সদস্য। এ ছাড়া সভাপতির আপন চাচা খান শরিফুল ইসলাম এবং ভগ্নিপতি এস এম আবুল কাশেম কমিটিতে ছিলেন। কলেজ পরিচালনা পর্ষদের কমিটি গঠনের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়মনীতি মানা হয়নি। উন্নয়নের নামে কলেজের তহবিল থেকে প্রায় ৩ কোটি টাকা তছরুপ করেছেন। এ ছাড়া নড়াইল-১ আসনের সাংসদের কাছ থেকে কলেজ উন্নয়নের নামে যে সহায়তা পেয়েছেন, তা-ও তছরুপ করেন তিনি।
কলেজের অধ্যক্ষ এম এইচ বাহাউদ্দীন জামায়াতে ইসলামীর কালিয়া উপজেলার সাবেক আমীর। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য পদে নির্বাচন করেন। অভিযোগ করা হচ্ছে, অধ্যক্ষ অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত। জানতে চাইলে, এম এইচ বাহাউদ্দীন বলেন, ‘আমি আগে রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। বর্তমানে রাজনীতি করি না। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা।’
কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীমুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ যে কেউ কারও বিরুদ্ধে করতেই পারেন। অভিযোগ করলেই একজন দোষী হয় না। আমার সম্পর্কে অর্থ আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে, তা বাস্তববিবর্জিত। তদন্ত করলেই সত্য ঘটনা বেরিয়ে আসবে। আমার বাবা ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য। উত্তরাধিকার সূত্রে আমি আইন মেনেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য হয়েছি।’ তিনি বলেন, আগের কমিটি বাতিলের কোনো যৌক্তিকতা নেই। কারও যোগ্যতা থাকলে সে কমিটিতে আসতেই পারে। সেটা একই পরিবারভুক্ত হলে দোষের কিছু নেই।
কালিয়ার ইউএনও মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কলেজ পরিদর্শক আমার কাছে তদন্ত প্রতিবেদন চেয়ে চিঠি দেন। সেই আলোকে তদন্ত করে যা পেয়েছি তা-ই পাঠানো হয়েছে।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সভাপতি আমার উপজেলা পরিষদের চেয়ারম্যান। আমার উভয় দিক দিয়ে একটা চাপ আছে।’