সভাপতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের সভাপতির বিরুদ্ধে ঘরের টিন ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রকল্পের বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
আশ্রয়ণ প্রকল্পের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে ও লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ২০০০ সালে সরকার দুস্থ ভূমিহীনদের পুনর্বাসনের জন্য উপজেলার যোগানিয়া ইউনিয়নে গেমাড়ারা গ্রামে শাপনই বিলের ২৩ একর জমিতে আবাসন প্রকল্প করে। জমিতে ৪৬০ ফুট দৈর্ঘ্য ও ৫৪২ ফুট প্রস্থের একটি পুকুর খনন করা হয়। সেখানে ১০০টি পরিবারের বসবাসের জন ১০টি ব্যারাক (১০ কক্ষবিশিষ্ট ঘর) নির্মাণ করা হয়। ওই সময়ে ঝড়ে একটি ব্যারাক ভেঙে যাওয়ায় ৯টি ব্যারাকে ৯০টি ভূমিহীন পরিবার আশ্রয় পান।
প্রকল্পের বাসিন্দাদের দেখভালের জন্য আশ্রয় পাওয়া পরিবারের সদস্যদের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর বর্তমান সভাপতি মো. জয়নাল আবেদিন।
বাসিন্দারা অভিযোগ করেন, গত বছর প্রকল্পের সভাপতি ১ লাখ ৬০ হাজার টাকায় পুকুরটি ভাড়া দেন। এ থেকে কিছু টাকা তিনি বাসিন্দাদের মধ্যে বিতরণ করেন। কিন্তু প্রায় এক লাখ টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া ১৫ বছর আগের ভেঙে যাওয়া ব্যারাকটির ৫৬ বান্ডিল টিন দিয়ে তিনি নিজের জন্য ঘর তৈরি করেছেন। আর বাকি টিন বিক্রি করে দেন।
এসব বিষয় নিয়ে প্রকল্পের সভাপতি ও আশ্রয় পাওয়া পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা চলছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১৫ জুন বাসিন্দারা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগপত্রে ৬২ জনের স্বাক্ষর আছে।
ওই প্রকল্পের বাসিন্দা সিরাজ আলী (৭০) বলেন, ‘আমরা সভাপতির অনিয়মের বিচার চাই। তাঁর কর্মকাণ্ডে প্রকল্পের বাসিন্দারা অতিষ্ঠ। যেকোনো সময় সভাপতির সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষ হতে পারে। দ্রুত একটা সমাধান হওয়া দরকার।’
ইউএনও তরফদার সোহেল রহমান বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি সম্পর্কে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দিতে ভূমি কার্যালয়কে বলা হয়েছে।