সভাপতির বিরুদ্ধে দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ধানসিঁড়ি বহুমুখী সমবায় সমিতি নামের একটি প্রতিষ্ঠানের প্রায় ১০ কোটি টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার দুটি মামলা হয়েছে। এতে সমিতির সভাপতি এম এ আজিজ আহমেদকে প্রধান আসামি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছানোয়ার হোসেন বলেন, প্রতারিত হওয়া ব্যক্তিদের বেশির ভাগই দরিদ্র দিনমজুর। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, আজিজকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
উপজেলা সমবায় সমিতি ও পুলিশ সূত্র জানায়, গাজীপুর জেলা শহরের মাধবপুর এলাকার এম এ আজিজ আহমেদ ১০-১১ বছর ধরে সফিপুর বাজার এলাকায় ধানসিঁড়ি বহুমুখী সমবায় সমিতির মাধ্যমে সদস্যদের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা সংগ্রহ করেন। গত সোমবার তিনি টাকা নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় গতকাল এম এ আজিজ আহমেদকে প্রধান আসামি করে ও সমিতির অজ্ঞাতনামা কয়েকজন মাঠকর্মীর বিরুদ্ধে উপজেলা সমবায় কর্মকর্তা আবু মঈন রকিব আহমেদ মামলা করেছেন। এ ছাড়া সমিতির সদস্যদের পক্ষে রাখালিয়াচালা এলাকার বাসিন্দা জহুরুল ইসলাম বাদী হয়ে এম এ আজিজকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।
গতকাল সকালে উপজেলা সমবায় কর্মকর্তা আবু মঈন রকিব আহমেদ, সহকারী পরিদর্শক নাজিম উদ্দিন তালুকদার ও শেখ মিজানুর রহমান সফিপুর বাজার এলাকায় ওই সমিতির কার্যালয় পরিদর্শন করেন।
আবু মঈন রকিব আহমেদ বলেন, ইউএনও ছানোয়ার হোসেনের নির্দেশে উপজেলার সব বহুমুখী সমিতি খতিয়ে দেখা হচ্ছে। নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের চিঠি দিয়ে এলাকার সব সমিতি ও বেসরকারি সংস্থার (এনজিও) তথ্য চাওয়া হবে।