নীলফামারীর জলঢাকা উপজেলার চিড়াভিজা গোলনা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষককে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার প্রধান শিক্ষক থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও দিনাজপুর শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ করেছেন।
ওই ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়টির প্রধান শিক্ষক আল হাসান জায়েদ নওরোজী জেলা শহরে এসে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান।
আল হাসান জায়েদ নওরোজী বলেন, ঈদের পরদিন রোববার বেলা তিনটার দিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম তাঁকে মুঠোফোনে ডেকে আনেন। জরুরি কথা বলার জন্য তাঁকে বিদ্যালয়ের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ঢোকার পর কোনো কিছু বুঝে ওঠার আগেই দরজা বন্ধ করে খোরশেদ তাঁকে চড়থাপ্পড় মারতে শুরু করেন। খোরশেদ বলতে থাকেন, ‘তুই অনেক বেড়েছিস, তুই আমার বিরুদ্ধাচরণ করিস। তোকে আজ উচিত শিক্ষা দেব।’
প্রধান শিক্ষক আরও বলেন, ‘এ অবস্থায় কোনো রকমে সেখান থেকে বের হয়ে চিৎকার করলে খোরশেদ আমাকে আবারও দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। পরে আমি ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিই। পরদিন বিদ্যালয় পরিচালনা কমিটির অন্য সদস্য ও শিক্ষকদের নিয়ে জরুরি সভা করি। সভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার জলঢাকা থানায় জিডি ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর অভিযোগ দাখিল করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।’
জানতে চাইলে খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে প্রধান শিক্ষক আমার বিরুদ্ধাচরণ করছেন। তিনি আমাকে সভাপতি করতে চাননি। আমাকে সভাপতির পদ থেকে অপসারণের অপচেষ্টা হিসেবে তিনি পরিকল্পিতভাবে ওই কাহিনি সাজিয়েছেন। তাঁকে মারধর বা লাঞ্ছিত করা হয়নি।’
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটির তদন্ত চলছে।