সভাপতির বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ডৌহাতলী গ্রামে মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে দুজন গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীনের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. শওকত মোমেন। তিনি বানিয়াপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ও তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগপত্রে সই করেছেন মো. বেলায়েত হোসেন ও রমিজ উদ্দিন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, মো. শওকত মোমেন জনতা ব্যাংকের মির্জাপুরের পাথরঘাটা শাখায় থাকা মসজিদের হিসাব থেকে পাঁচবার সাধারণ সম্পাদকের সই জাল করে ৬ লাখ ৭০ হাজার টাকা তুলে নিয়েছেন। ঘটনাটি জানাজানি হলে মসজিদ কমিটি ও এলাকাবাসীর সঙ্গে শওকত মোমেনের একাধিকবার বৈঠক হয়। বৈঠকের পর তিনি দেড় লাখ টাকা ফেরত দেন। বাকি টাকা না দেওয়ায় অভিযোগ হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত মোমেন বলেন, মসজিদের জন্য জায়গা কিনতে তিনি টাকা তুলেছিলেন। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান বলেন, তাঁরা বিশ্বাস করে সভাপতির কাছে ব্যাংকের চেকবইসহ প্রয়োজনীয় কাগজ রেখেছিলেন। প্রায় দুই মাস আগে ব্যাংকে টাকা জমা দিয়ে স্টেটমেন্ট নিতে গিয়ে জালিয়াতির বিষয়টি তাঁরা জানতে পারেন। পরে জরুরি সভার পর সভাপতি তাঁর দোষ স্বীকার করে দুইবারে এখনো না দেওয়ায় গ্রামবাসী অভিযোগ করেছেন।
ইউএনও ইসরাত সাদমীন বলেন, ঘটনাটি তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।