সভাপতির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের (৩৯) বিরুদ্ধে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় যৌন নিপীড়নের শিকার ওই ছাত্রীর বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে এ অভিযোগ করেন।
ছাত্রীর বাবা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন ফুসলিয়ে মেয়েকে বিদ্যালয়ের কাছাকাছি তাঁর (সভাপতির) বাড়িতে নেন। সেখানে মেয়েটিকে ১১০ টাকা দিয়ে কিছু কিনে খেতে বলেন।
এরপর জোর করে যৌন নিপীড়ন করেন। তাঁর মেয়ে ওই ঘর থেকে পালিয়ে বিদ্যালয়ে ফিরে গিয়ে শিক্ষকদের ঘটনাটি জানায়। পরে বিদ্যালয় থেকে তাঁদেরও ঘটনা জানানো হয়।
ছাত্রীর বাবা জানান, মানসম্মান ও মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে এত দিন তাঁরা পুলিশ বা প্রশাসনকে কিছু জানাননি। স্থানীয় কতিপয় প্রভাবশালী লোকের কাছে বিচার চেয়েও কাজ হয়নি। বাধ্য হয়ে আজ (গতকাল) প্রশাসনকে জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, দেলোয়ার হোসেন নানাভাবে তাঁদের হুমকি দিচ্ছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার জানান, ঘটনাটি আজ পুলিশকেও জানানো হয়েছে। এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য এর বিচার হওয়া উচিত।
অভিযোগের ব্যাপারে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ওই ছাত্রীর পক্ষে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মতলব দক্ষিণ ইউএনও সফিকুল ইসলাম জানান, ওই ছাত্রীর বাবা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ-সংক্রান্ত অভিযোগ করেছেন। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।