সভাপতির বিরুদ্ধে ৩ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর সরদারপাড়া উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাসুদার রহমানের বিরুদ্ধে নবম শ্রেণির তিন শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের নবনির্মিত স্যানিটেশন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে গত শনিবার এ ঘটনা ঘটে।
গুরুতর আহত শিক্ষার্থী রজব আলী (১৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুদিন ধরে যন্ত্রণায় কাতরাচ্ছে। মারধরের শিকার অপর দুই শিক্ষার্থী হলো মরিয়ম আক্তার ও আরমিনা খাতুন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় রজব আলীর বাবা জসিম উদ্দিন গতকাল রোববার মাসুদার রহমানের শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ, বিদ্যালয়ের দুজন শিক্ষক ও ওই অনুষ্ঠানে উপস্থিত অন্তত আটজন প্রত্যক্ষদর্শী বলেন, বিদ্যালয়ের নবনির্মিত স্যানিটেশন ভবন উদ্বোধন উপলক্ষে ওই দিন স্থানীয় সাংসদকে প্রধান অতিথি করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করার জন্য বিদ্যালয়ের ওই তিন শিক্ষার্থীসহ আটজন শিক্ষার্থীর নামও তালিকাভুক্ত করা হয়। কিন্তু অনুষ্ঠান শুরুর পর ওই শিক্ষার্থীদের বদলে বহিরাগতদের দিয়ে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান মাসুদার রহমান। অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে এর প্রতিবাদ করে ওই শিক্ষার্থীরা। এতে ক্ষুব্ধ হয়ে রজব আলীকে মাসুদার প্রধান শিক্ষকের কক্ষেই কিলঘুষি মারা শুরু করেন।
মরিয়ম ও আরমিনা অভিযোগ করে বলে, সভাপতি কিলঘুষি মারতে থাকলে সহপাঠী রজব আলীকে উদ্ধারে তারা এগিয়ে যায়। এ সময় তাদেরও মারধর করেন সভাপতি। পরে রজব আলীকে সভাপতি পেটাতে পেটাতে বিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বিকেলে গিয়ে দেখা যায়, রজব আলী ব্যথায় কাতরাচ্ছে। ছেলের পাশে বসে আছেন বৃদ্ধ জসিম উদ্দিন। এ সময় রজব আলী বলে, ‘আমরা শুধু হেড স্যারকে গিয়ে বলেছি, স্যার আমরা থাকতে বাইরের মানুষ অতিথিকে ফুল দিল কেন? এরপরই সভাপতি আমাকে কিলঘুষি মারতে থাকেন। আর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে যখন মাথায় ঘুষি মারেন তখন আমি অনেকটা জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আমার বন্ধুরা আমাকে হাসপাতালে এনে ভর্তি করায়।’
জসিম উদ্দিন বলেন, ‘বাবা, মুই খুব গরিব মানুষ। মানুষের বাড়িত কাজকাম করি আনিয়া ছইলটাক (রজব আলী) খিলাও-পড়াও। কোনো দিন ছইলোক মুই মারো নাই। ওই সভাপতির মুই বিচার চাও। এ ঘটনায় মুই ইউএনওর কাছে অভিযোগ দিছি।’
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজিবুদ্দৌলা বলেন, রজব আলীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হতে সময় লাগবে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মাসুদার রহমান গতকাল বেলা একটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি মেরেছি তাতে আপনাদের কী? যা পারেন লেখেন, কাউকে ভয় করি না।’ এরপর তিনি ফোন কেটে দেন। এরপর সন্ধ্যা ছয়টার দিকে তিনি ফের মুঠোফোনে বলেন, ‘আমি ওই শিক্ষার্থীদের মারধর করিনি। শুধু বেয়াদবি করায় একজনকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি।’
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল হক বলেন, ওই শিক্ষার্থীদের মারধর করা হয়নি। শুধু গলা ধাক্কা দিয়ে একজনকে বিদ্যালয় থেকে বের করে দিয়েছেন সভাপতি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীকে মারধর করার লিখিত অভিযোগের অনুলিপি আমাকেও দেওয়া হয়েছে। জরুির ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়ে জানতে ইউএনও কাজী আবেদা গুলশানকে গতকাল বিকেলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি।