সভাপতির হাতে লাঞ্ছিত হলেন প্রধান শিক্ষক
এক শিক্ষকের হাতে আরেক শিক্ষকের লাঞ্ছিত হওয়ার ঘটনা মীমাংসা করতে এসে প্রধান শিক্ষককেই থাপ্পড় মারলেন বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি। কিশোরগঞ্জের ভৈরবের যোগেন্দ্র চন্দ্র উচ্চবিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল সাদেক নিজেও নরসিংদীর পলাশ উপজেলার গয়েশ্বর পদ্মলোচন উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। তিনি যোগেন্দ্র চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালিবকে থাপ্পড় মারেন।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগে থেকে সভাপতি আবদুল সাদেক ও বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য হুমায়ুন কবিরের দ্বন্দ্বে শিক্ষকেরাও দুই দলে ভাগ হয়ে যান। এ অবস্থায় গত ২৬ আগস্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন বিদ্যালয় পরিদর্শনে গিয়ে সায়লা ইসলাম ও মাসুম বিল্লাহ নামে দুই সহকারী শিক্ষককে অনুপস্থিত পাওয়ায় তাঁদের বেতন কাটার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে প্রধান শিক্ষক মোতালিব ৮ সেপ্টেম্বর শিক্ষকদের নিয়ে সভায় বসেন। সভায় একপর্যায়ে সভাপতির আস্থাভাজন হিসেবে পরিচিত সহকারী শিক্ষক ইসলাম উদ্দিন আরেক সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। শেষে নজরুলকে চেয়ার দিয়ে আঘাত করেন ইসলাম উদ্দিন।
এ ঘটনা ১১ সেপ্টেম্বর নজরুল ইসলাম বাদী হয়ে ইসলাম উদ্দিন ও আরেক সহকারী শিক্ষক ছলিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ওই দিনই ইসলাম উদ্দিনকে গ্রেপ্তার করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সভাপতি গতকাল ব্যবস্থাপনা কমিটির সভা ডাকেন। সভায় ১২ সদস্যের কমিটির সাতজন উপস্থিত ছিলেন। সভায় সভাপতি প্রধান শিক্ষককে ইসলাম উদ্দিন নির্দোষ এই মর্মে কার্যবিবরণী (রেজুলেশন) দেওয়ার জন্য বলেন। এমন কার্যবিবরণী লেখা সম্ভব নয় বললে প্রধান শিক্ষককে পরপর দুটি থাপ্পড় মেরে তাঁকে চেয়ার থেকে ফেলে দেন সভাপতি।
ব্যবস্থাপনা কমিটির সদস্য হুমায়ুন কবির বলেন, ‘নির্দেশ মানতে দেরি করলে শিক্ষকদের চোখরাঙানো সভাপতির অভ্যাসে পরিণত হয়েছে। কথামতো মিথ্যা রেজুলেশন লিখতে রাজি হননি বলে প্রধান শিক্ষকের গায়ে হাত তুলতেও দ্বিধা করেননি তিনি।’
সভাপতি আবদুল সাদেক বলেন, একজন শিক্ষক হয়ে আরেক শিক্ষকের গায়ে হাত তোলা ঠিক হয়নি তাঁর। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন প্রধান শিক্ষক আবদুল মোতালিব।