সভাপতির হামলায় শিক্ষক হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলামকে পিটিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. বিল্লাল মিয়ার নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার পর বিদ্যালয়ের ক্লাস ও দুপুরের বার্ষিক পরীক্ষা স্থগিত ঘোষণা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বদেশ চন্দ্র দেবনাথ।
একাধিক প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের কোচিং পড়ানো নিয়ে এক সপ্তাহ আগে পরিচালনা কমিটির সভাপতি বিল্লাল মিয়ার (৫৫) সঙ্গে সহকারী শিক্ষক নজরুল ইসলামের (৪০) বিরোধ দেখা দেয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নজরুল ইসলাম একটি কাজে বিদ্যালয় থেকে বের হয়ে প্রধান ফটকের অদূরে যান। তখন বিল্লাল মিয়ার নেতৃত্বে তাঁর ছেলে আজহার মিয়াসহ ১৪-১৫ জন তাঁর ওপর হামলা চালান। হামলাকারীদের বেধড়ক মারধরে নজরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
স্বদেশ চন্দ্র দেবনাথ বলেন, ‘পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আজ (মঙ্গলবার) বিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা স্থগিত করেছি। কাল (বুধবার) পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সভাপতির নেতৃত্বে তাঁর ছেলে ও অন্যরা আমাকে মারধর করে নাক-কান দিয়ে রক্ত ঝরিয়েছে। সভাপতি এলাকার প্রভাবশালী ব্যক্তি, তিনি যা ইচ্ছা তা-ই করতে পারেন।’
অভিযোগ অস্বীকার করে বিল্লাল মিয়া বলেন, ‘ওই শিক্ষক কয়েক দিন ধরে আমার সম্পর্কে বাজে কথা বলে আসছেন। এ নিয়ে আমার ছেলের সঙ্গে আজ তাঁর হাতাহাতির ঘটনা ঘটেছে। আমি তাঁকে রক্ষা করেছি, মারিনি। বিষয়টি মিটমাট করার চেষ্টা চলছে।’
সরাইল থানার ওসি মো. আলী আরশাদ বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা বলেন, এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।