সভায় কর্মীদের হামলায় আ.লীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ দলের প্রতিপক্ষের হামলায় গতকাল বুধবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় আওয়ামী লীগের এক নেতা নিহত ও কমপক্ষে নয়জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া মাইক্রোবাস, মোটরসাইকেলসহ কয়েক শ চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলছিল স্থানীয় পৌরসভা মিলনায়তনে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আবদুল মান্নানের সভাপতিত্বে এ সভায় জেলার বেশ কয়েকজন নেতা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একপর্যায়ে নিজ দলের একদল কর্মী লাঠিসোঁটা, রাম দা, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বর্ধিত সভায় হামলা চালান। এ সময় তাঁরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনন্দ কুমার ঘোষ, পৌরসভার কাউন্সিলর রেজাউল ইসলাম ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের উপজেলা শাখার সভাপতি সাইদুজ্জামান ওরফে জামানকে কুপিয়ে গুরুতর জখম করেন। হামলাকারীদের লাঠিপেটায় কমপক্ষে আরও ছয়জন আহত হন। গুরুতর আহত আনন্দ কুমারকে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইসরাইল, রেজাউল ও সাইদুজ্জামানকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে হাসপাতালে আনন্দ কুমার মারা যান।
এ ছাড়া হামলাকারীরা একটি মাইক্রোবাস, ১১টি মোটরসাইকেল ও দুই শতাধিক চেয়ার-টেবিল ভাঙচুর করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান অভিযোগ করেন, তাঁদের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারের সমর্থকেরা এ হামলা করেছেন। এ ঘটনার পর তাঁরা সভা বন্ধ করে দেন।
আবদুল মান্নান জানান, গত ২৬ নভেম্বর জেলা আওয়ামী লীগের একটি বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি করে দেওয়া হয়। সেই কমিটির তিনি আহ্বায়ক, আর সাংসদ আনোয়ারুল আজিম যুগ্ম আহ্বায়ক। আনোয়ারুল আজিম সভায় আসার পরই এ হামলার ঘটনা ঘটে।
এ ব্যাপারে কথা বলতে চেষ্টা করেও সাংসদ আনোয়ারুল আজিমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে আনোয়ারুল আজিমের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী জানান, তাঁরা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক হওয়া সত্ত্বেও তাঁদের না জানিয়ে বর্ধিত সভা ডাকা হয়েছিল। আবদুল মান্নান তাঁদের বাদ দিয়ে নতুন কমিটি করতে চক্রান্ত করে এই সভা করছিলেন। যেটা জানতে পেরে দলের কিছু কর্মী বিষয়টি শুনতে যান। তখনই হট্টগোল হয়। এ সময় কয়েকজন সামান্য আহত হন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।