জয়পুরহাটের আক্কেলপুরে গতকাল সোমবার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভায় উত্তপ্ত বাক্যবিনিময় ও হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় কয়েকজন মুক্তিযোদ্ধা একে অপরকে ‘রাজাকার’ বলে আখ্যায়িত করেন।
প্রত্যক্ষদর্শী ও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি সূত্রে জানা যায়, সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আখতার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আমজাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নবীবুর রহমান আবেদন করা ব্যক্তিদের সাক্ষাৎকার নিচ্ছিলেন। বেলা দেড়টার দিকে উপজেলার চকরঘুনাথ গ্রামের বাসিন্দা নেজাম উদ্দিনের সাক্ষাৎকার দেওয়ার জন্য সাফাই সাক্ষী তিনজন যাচাই-বাছাই কমিটিতে হাজির হন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সাইদুর রহমানসহ ১৫-২০ জন মুক্তিযোদ্ধা নেজাম উদ্দিনকে দেখে ‘রাজাকার’ ‘রাজাকার’ বলে চিৎকার শুরু করেন। তখন নেজাম উদ্দিনের পক্ষে সাক্ষাৎকার বোর্ডে থাকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নবীবুর রহমান সাইদুর রহমানকে উদ্দেশ করে বলেন, ‘আপনার গোটা পরিবার রাজাকার।’ এ সময় সাইদুর রহমানের ছোট ভাই মুক্তিযোদ্ধা ফজলুর রহমানসহ আরও কয়েকজন মুক্তিযোদ্ধা নবীবুর রহমানের দিকে তেড়ে যান। কয়েকজন তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ নিয়ে হট্টগোল শুরু হলে ইউএনও আফরোজা আখতার পরিস্থিতি শান্ত করেন। কিছুক্ষণ বিরতির পর আবার সভা শুরু হয়। গতকাল ২০-২৫ জনের সাক্ষাৎকার নেওয়া হয়।
নেজাম উদ্দিন বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা কি না, তা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নবীবুর রহমান জানেন। আমাকে জোর করে রাজাকার বানানো হচ্ছে।’
মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নবীবুর রহমান বলেন, ‘সাক্ষাৎকার বোর্ডে কাউকে রাজাকার বলা যুক্তিসংগত নয়। নেজাম উদ্দিন কাগজপত্র নিয়ে সাক্ষাৎকার বোর্ডে হাজির হয়েছিলেন।’
ইউএনও আফরোজা আখতার বলেন, নেজাম উদ্দিন নামের এক ব্যক্তি সাক্ষাৎকার বোর্ডে হাজির হলে তাঁকে দেখে কয়েকজন মুক্তিযোদ্ধা রাজাকার, রাজাকার বলে উত্তেজিত হয়ে উঠেছিলেন। পরে পরিস্থিতি শান্ত হয়।