সমকালের জীবননগর প্রতিনিধিকে হত্যা
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক সমকাল-এর জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি আবু সায়েম (৩৫) মারা গেছেন। ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি রাজিব আহমেদকে (৩৫) পুলিশ গ্রেপ্তার করেছে।
আবু সায়েম গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় পৌর এলাকার পেয়ারাতলায় নিজ বাড়িতে ছুরিকাহত হন। ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকেলে তিনি মারা যান।
পুলিশ, সহকর্মী সাংবাদিক ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, সাংবাদিক সায়েম স্ত্রী ও সন্তান নিয়ে নিজ বাড়ির দোতলায় শুয়ে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তাঁর স্ত্রী রেশমা খাতুন পাশের ঘরে লালসালু পরা এক ব্যক্তিকে দেখে চিৎকার দেন। স্ত্রীর চিৎকার শুনে সায়েম ঘর থেকে বেরিয়ে এলে ওই ব্যক্তি সায়েমের বুকে ছুরিকাঘাত করে। বাধা দিতে গেলে সায়েমের বাবা বাচ্চু মোল্লার মাথায় আঘাত করে ওই দুর্বৃত্ত। একপর্যায়ে বাচ্চু মোল্লা লাঠি নিয়ে তাড়া করলে সে লালসালু ও ছুরি ফেলে পালিয়ে যায়।
সূত্র জানায়, মুমূর্ষু অবস্থায় সায়েম ও তাঁর বাবাকে ঘটনার পরপরই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বাবা বাচ্চু মোল্লাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও সায়েমের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তাঁকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতির কারণে সেখান থেকে ভোররাতে ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেলে তিনি মারা যান। কেন এবং কী কারণে এই হত্যাকাণ্ড, কোনো সূত্র তা জানাতে পারেনি।