কর্মচারী খুনের মামলায় রাজধানীর মতিঝিলের ঘরোয়া হোটেলের মালিক আরিফুল ইসলামসহ তিন আসামিই এখন কারাগারে আছেন। তবে ন্যায়বিচার নিয়ে শঙ্কায় রয়েছেন নিহত মো. রিয়াদের (১৬) স্বজনেরা। তাঁরা বলছেন, মামলা চালানোর আর্থিক সামর্থ্য তাঁদের নেই। সমঝোতার জন্য আসামিপক্ষ চাপ দিচ্ছে। কিন্তু তাঁরা সমঝোতায় না গিয়ে বিচারই চান।
গত ২৭ অক্টোবর রাতে ঢাকার ৭৩ নম্বর স্বামীবাগে ঘরোয়া হোটেলের কর্মচারীদের মেসে রিয়াদকে খুন করা হয়। ওই বাড়ির তিনটি ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, হোটেলের মালিক আরিফুল ইসলামসহ বেশ কয়েকজন যুবক রিয়াদকে মারধর করে রাত পৌনে একটার দিকে মেসের ভেতরে নিয়ে যান। এর প্রায় ২৫ মিনিট পর গুলিবিদ্ধ অবস্থায় রিয়াদকে আরিফুলের ব্যক্তিগত গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। পরে রিয়াদের লাশ হোটেলের আরেক কর্মচারী জসিম উদ্দিনকে দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জসিম দাবি করেন, ছিনতাইকারীদের গুলিতে রিয়াদ মারা গেছে।
এ ঘটনায় ওয়ারী থানায় রিয়াদের বড় ভাই মো. রিপন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় আরিফুল, পাচক খবির উদ্দিন ও জসিমকে আসামি করা হয়। পরদিন জসিমকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন মূল আসামি আরিফুল ও খবির।
প্রায় নয় মাস তদন্ত শেষে গত ২৭ জুলাই আরিফুলসহ তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত-সংশ্লিষ্ট একজন বলেন, আরিফুলের লাইসেন্সবিহীন পিস্তলের গুলিতে রিয়াদ মারা যায়। হত্যার সঙ্গে জসিম ও খবিরেরও সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এসব বিষয় উল্লেখ করে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
অভিযোগপত্র জমা দেওয়া হলেও জসিম ছাড়া অন্য দুই আসামি তখনো গ্রেপ্তার হননি। গ্রেপ্তার না হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা আলিম হোসেন শিকদার গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের পর আরিফুল পাসপোর্ট-ভিসা ছাড়া পার্শ্ববর্তী একটি দেশে পালিয়ে যান। তাই তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অন্য আসামি খবিরকেও গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছে। এ সময় খবির তাঁর গ্রামের বাড়ি ও ঢাকার কোথাও ছিলেন না।
আসামি গ্রেপ্তারে পুলিশের ব্যর্থতার পর গত ২৭ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করেন আরিফুল ও খবির। এ সময় তাঁদের আইনজীবী আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল পর্যন্ত তাঁরা কারাগারেই আছেন বলে জানিয়েছেন আলিম হোসেন শিকদার।
জানতে চাইলে মামলার বাদী মো. রিপন বলেন, ভাই মারা যাওয়ার পর তিনি ঢাকা থেকে চাঁদপুরের হাজীগঞ্জের গ্রামের বাড়ি ফিরে এসেছেন। এখন তিনি এলাকায় বিভিন্ন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করেন। কিন্তু নিয়মিত কাজ পাওয়া যায় না। বাড়ি-ভিটা ছাড়া তাঁদের কোনো জমিও নেই। বাবা মারা গেছেন, মা অন্যের বাড়িতে কাজ করেন। আর্থিক সংকট ও হত্যাকাণ্ডের প্রায় নয় মাস পরও মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় তাঁরা হতাশ হয়েছিলেন। আসামির পরিবারের পক্ষ থেকেও সমঝোতার জন্য চাপ দেওয়া হচ্ছিল। তাঁরা ৪০ লাখ টাকায় সমঝোতার জন্য রাজি হয়েছিলেন। গত আগস্ট মাসে দুই লাখ টাকাও নিয়েছিলেন তাঁরা। রিপন বলেন, মামলা চালানোর মতো টাকা তাঁদের নেই। কিন্তু সরকারের কাছে তাঁরা ন্যায়বিচার চান।
এদিকে হত্যাকাণ্ডের পরদিন থেকে বন্ধ ঘরোয়া হোটেলটি বন্ধ রাখা হয়েছিল। এখন হোটেলটি স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। আদালতের নির্দেশে গত ১৫ অক্টোবর পুলিশ হোটেলটির চাবি ভবন মালিকের কাছে হস্তান্তর করেছে।